Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এওএবি’র এজিএমে দেশের এভিয়েশন শিল্পের গভীর সংকটের সতর্কবার্তা

এওএবি’র এজিএমে দেশের এভিয়েশন শিল্পের গভীর সংকটের সতর্কবার্তা

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)’ র ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) । ছবি: সংগৃহীত

বাংলাদেশের বেসরকারি এভিয়েশন অপারেটরদের একমাত্র  প্রতিনিধিত্বকারী সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) শনিবার ঢাকায় তাদের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করে। সভায় খাতসংশ্লিষ্ট শীর্ষ শিল্প ব্যক্তিত্বরা সতর্ক করে বলেন, দেশের বেসরকারি বিমান চলাচল শিল্প বর্তমানে অন্যতম কঠিন সময় অতিক্রম করছে।


রাজধানীর বনানীর স্যামসন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এওএবির সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


সূচনা বক্তব্যে অঞ্জন চৌধুরী বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সকল অংশীজনের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বর্তমানে এভিয়েশন শিল্প একটি কঠিন পর্যায়ে রয়েছে, এ অবস্থায় সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।”


এওএবির মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান খাতটির ওপর বিদ্যমান কাঠামোগত চাপের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জেট জ্বালানির উচ্চমূল্য, হ্যাঙ্গার ভাড়ার ব্যয়বৃদ্ধি, কাস্টমস-সংক্রান্ত জটিলতা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নির্ধারিত বিভিন্ন চার্জকে বেসরকারি বিমান অপারেটরদের জন্য প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন।


এওএবি সভাপতি ‘বাংলাদেশ গেজেট’-এ প্রকাশিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইনের কিছু গুরুত্বপূর্ণ বিধান পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সভায় বক্তারা দেশের বিমান চলাচল শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ওপর জোর দেন এবং এ লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সমন্বিত সহযোগিতা কামনা করা হয়।


সভায় দেশের এভিয়েশন শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন এওএবির ভাইস চেয়ারম্যান-২ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন; কোষাধ্যক্ষ ও ইমপ্রেস এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন; যুগ্ম সচিব ও ব্লু ফ্লাইং একাডেমির চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাহির স্বপন; এবং সাংগঠনিক সম্পাদক ও বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের প্রতিনিধি রাকিবুল কবির।


এছাড়া মেঘনা এভিয়েশনের তানভির মোস্তফা ও প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ারুল হক সরদার; বসুন্ধরা এয়ার ওয়েজের প্রধান পরিচালন কর্মকর্তা এএসএম মুস্তাফিজুল হক; এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জে এম মোস্তাফিজুর রহমানসহ খাতসংশ্লিষ্ট আরও অনেক শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News