সিলেটকে আধুনিক পর্যটন নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, April 12, 2026
ছবি: সংগৃহীত
বস্ত্র ও পাট এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাবে।
শনিবার সিলেট সিটি করপোরেশনের নগরভবনের সভাকক্ষে আয়োজিত নগর উন্নয়নবিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেটকে একটি প্রাণবন্ত (ভাইব্রেন্ট) শহর হিসেবে গড়ে তোলা হবে, যেখানে পর্যটনকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় থাকবে। তিনি উল্লেখ করেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে একটি টেকসই পর্যটন নগর গড়ে তোলার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।
তিনি আরও বলেন, নগর উন্নয়নে প্রায় ১০ লাখ নাগরিককে সম্পৃক্ত করা গেলে একটি নান্দনিক ও পরিবেশবান্ধব শহর নির্মাণ সম্ভব। এ ক্ষেত্রে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে টেকসই দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
জলাবদ্ধতা নিরসনকে পর্যটন ও নগরবাসের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে নিচু এলাকাগুলো বসবাস ও পর্যটনের জন্য অনুপযোগী হয়ে পড়তে পারে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, গ্রিন ও ক্লিন সিটি গড়ে তোলার লক্ষ্যে সিলেটে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও পর্যটনবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে।
সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
সভায় জলাবদ্ধতা নিরসন পরিকল্পনা বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকৌশলী তন্ময় চাকি। লালদিঘির পাড় সুপার মার্কেটের নকশা উপস্থাপন করেন স্থপতি শাকুর মজিদ এবং নগরভবনের প্রস্তাবিত ইন্টেরিয়র ডিজাইন তুলে ধরেন স্থপতি ইন্তেখাব হোসেন। চলমান প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরেন সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
সূত্র: বাসস