এপেক্স অ্যাওয়ার্ডসে মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন এমিরেটস
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, June 12, 2026
ছবি: এমিরেটস
মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস। ২০২৬ সালের এপেক্স বেস্ট ইন এয়ারলাইন অ্যাওয়ার্ডসে 'বেস্ট ওভারঅল এয়ারলাইন ইন দ্য মিডল ইস্ট' শিরোপা অর্জন করেছে দুবাইভিত্তিক এই বিমান সংস্থা।
আয়ারল্যান্ডের ডাবলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারটি প্রদান করা হয়। ভ্রমণ পরিকল্পনা প্ল্যাটফর্ম ট্রিপআইটির মাধ্যমে সংগৃহীত যাচাইকৃত যাত্রী মতামতের ভিত্তিতে এই পুরস্কার নির্ধারিত হয়েছে।
মূল্যায়নে পাঁচটি বিভাগে এমিরেটস অন্যদের থেকে এগিয়ে গিয়েছে। এগুলো হলো আসনের আরামদায়কতা, কেবিন সেবা, খাবার ও পানীয়, বিনোদন ব্যবস্থা এবং অনবোর্ড ইন্টারনেট সংযোগ।
এমিরেটস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিমানবহরজুড়ে কেবিন আধুনিকায়ন কার্যক্রম এবং যাত্রী সুবিধায় বিনিয়োগ এই স্বীকৃতি অর্জনে সহায়ক হয়েছে। চলতি বছরের অক্টোবর থেকে নতুন ইকোনমি ক্লাস আসন চালুসহ প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাসেও উন্নত আসন সংযোজন করা হয়েছে।
বিমান সংস্থাটির কেবিন ক্রুরা ১৪০টিরও বেশি দেশের নাগরিক এবং তারা ৭০টিরও বেশি ভাষায় কথা বলতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের আতিথেয়তা ও সেবা দক্ষতা বাড়ানো হয় বলে এমিরেটস জানিয়েছে।
বিনোদন ব্যবস্থায় এমিরেটসের 'আইসিই' প্ল্যাটফর্মে সাড়ে ছয় হাজারেরও বেশি চ্যানেল রয়েছে। এর মধ্যে চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, সংগীত, পডকাস্ট, লাইভ খেলাধুলা ও শিক্ষামূলক কনটেন্ট অন্তর্ভুক্ত।
ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ২০২৫ সালে করা চুক্তির আওতায় বিমানবহরে স্টারলিংক প্রযুক্তি সংযোজন চলছে। এ পর্যন্ত ৩৩টি বোয়িং ৭৭৭-৩০০ইআর এবং তিনটি এয়ারবাস এ৩৮০ বিমানে এই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। ২০২৭ সালের মাঝামাঝির মধ্যে পুরো বহরে স্থাপন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এ বছরের পুরস্কার মূল্যায়নে বিশ্বের ৬০০টিরও বেশি এয়ারলাইনের ১০ লাখেরও বেশি ফ্লাইটের যাত্রী রেটিং বিবেচনায় নেওয়া হয়েছে।