‘বিমান ও পর্যটনে নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থায় নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির মন্ত্রী আফরোজা খানম।
আজ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন তিনি।
এসময়, কারিগরি ও নারী শিক্ষা প্রসারে সরকারের বহুমুখী উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আফরোজা খানম।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের সচেতনতা ও ইতিবাচক মনোভাব নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।