ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, May 20, 2026
ছবি: সংগৃহীত
ফিলিপাইন বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বুধবার সকালে দেশটির বেঙ্গুয়েত প্রদেশে বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
ফিলিপাইন নিউজ এজেন্সিকে পাঠানো এক বার্তায় বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল মা. ক্রিস্টিনা বাস্কো জানান, স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে একটি "নেভিগেশন প্রশিক্ষণ ফ্লাইট" চলাকালে সিয়াই-মার্কেত্তি এসএফ-২৬০ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
পরে পাঠানো আরেকটি বার্তায় তিনি নিশ্চিত করেন, দুর্ঘটনায় দুই পাইলটই প্রাণ হারিয়েছেন।
বাস্কো জানান, বিমানটি বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটিতে অবস্থিত ফার্নান্দো এয়ার বেস থেকে বাগিও সিটির উদ্দেশে রওনা হওয়া দশটি বিমানের বহরের অংশ ছিল।
এসএফ-২৬০ ইতালিতে তৈরি একটি হালকা বিমান, যা অ্যারোবেটিক্স ও সামরিক প্রশিক্ষণে ব্যবহৃত হয়।
"দুর্ঘটনার পরপরই বিমানবাহিনী স্থানীয় সরকার এবং নিকটতম বিমানঘাঁটির সঙ্গে সমন্বয় শুরু করেছে," বলেন মুখপাত্র বাস্কো।
সূত্র: ফিলিপাইন নিউজ এজেন্সি -পিএনএ