ভিসা জালিয়াতি রোধে ঢাকাস্থ চীনা দূতাবাসের সতর্কবার্তা: ট্রাভেল এজেন্সির জন্য নতুন নিয়ম
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, May 20, 2026
-কোলাজ ছবি
বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ভিসা আবেদন প্রক্রিয়ায় কিছু ট্রাভেল এজেন্সির অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে চীনা দূতাবাস।
বুধবার দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, সম্প্রতি কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে আবেদন দলিল জাল করা, সেবা ফি গোপন রাখা, চীনা ভিসা পাওয়ার জটিলতা অতিরঞ্জিত করা, প্রক্রিয়ায় ইচ্ছাকৃত বিলম্ব ঘটানো, মিথ্যা তথ্য ছড়ানো এবং আবেদনকারীদের প্রতারণা করা।
দূতাবাস বলেছে, এ ধরনের তৎপরতা চীনা ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রমকে ব্যাহত করছে এবং বাংলাদেশি আবেদনকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করছে।
এ পরিস্থিতি মোকাবিলায় আগামী ৫ জুলাই ২০২৬ থেকে বাংলাদেশে যেসব ট্রাভেল এজেন্সি আবেদনকারীদের পক্ষে চীনা ভিসার আবেদন প্রক্রিয়া করবে, তাদের অবশ্যই ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) স্বীকৃতি থাকতে হবে বলে জানিয়েছে চীনা দূতাবাস।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, "দূতাবাসের পরিচয় দিয়ে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বাণিজ্যিক ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ট্রাভেল এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়া হয়ে না এবং ভিসা যাচাই প্রক্রিয়ায় কোনো এজেন্সির জন্য মান শিথিল করা হবে না।
অপেক্ষার সময় কমাতে আবেদনকারীদের তৃতীয় পক্ষের এজেন্সির উপর নির্ভর না করে সরাসরি চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ কাগজপত্রসহ আবেদন করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
এছাড়া দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে তারা কোনো এক্সক্লুসিভ ভিসা এজেন্সিকে অনুমোদন বা নিয়োগ দেয়নি। যেকোনো সন্দেহজনক জালিয়াতির ঘটনা দূতাবাসের নির্ধারিত ই-মেইলে জানাতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
চীনা দূতাবাস বলেছে, বাংলাদেশি নাগরিকদের জন্য দক্ষ ভিসাসেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও বিনিময় সহজতর করতে আরও পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে।