বিমানের প্রশাসন ও অর্থ বিভাগে অতিরিক্তি দায়িত্ব পেলেন ডিএমডি মঈন উদ্দিন
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, May 20, 2026
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে প্রতিষ্ঠানটির দুটি গুরুত্বপূর্ণ পরিচালক পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন থেকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং পরিচালক (অর্থ) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। দুটি পদের ক্ষেত্রেই তিনি প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ভোগ করবেন।
আজ বুধবার (২০ মে) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। বিমানের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) খন্দকার বাকী উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশের তথ্য অনুযায়ী, সৈয়দ মঈন উদ্দিন আহমেদ (স্টাফ নম্বর: জি-৫৪১৪৫) বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিইও হিসেবে কর্মরত আছেন। বর্তমান পদের পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ‘পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)’ এবং ‘পরিচালক (অর্থ)’—উভয় পদেরই পূর্ণ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আদেশের অনুলিপি বিমানের সকল পরিচালক, মহাব্যবস্থাপক, প্রধান চিকিৎসক, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকল শাখা ও দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।