ফুল ও জমজমের পানি দিয়ে ফিরতি হাজিদের বরণ করল বিমান
সিনিয়র প্রতিবেদক
| Published: Saturday, May 30, 2026
ছবি: বিমান
পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার সকালে প্রথম ফিরতি হজ ফ্লাইট অবতরণের পর বিমানবন্দরে হাজিদের হাতে ফুল ও পবিত্র জমজমের পানি তুলে দেওয়া হয়।
সকাল ১০টা ৩৫ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-৩৩৬ জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এটিই ছিল এই মৌসুমের বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট। একই অনুষ্ঠানে সৌদি এয়ারলাইন্সযোগে আসা হাজিদেরও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
ফিরতি হাজিদের অভ্যর্থনায় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও ডেপুটি সিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক (গ্রাহক সেবা) মহিউদ্দিন আহমেদ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
চলতি হজ মৌসুমে বিমান মোট ৯৮টি প্রি-হজ ফ্লাইটে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রী সৌদি আরবে পরিবহন করেছে। পোস্ট-হজ কার্যক্রমের আওতায় আজ ৩০ মে থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ১০৬টি ফিরতি ফ্লাইটে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হাজিকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬, সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।