হোটেল খাতে বিনিয়োগ বাড়িয়ে বাংলাদেশকে আঞ্চলিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Sunday, August 02, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধান উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বে সরকার উন্নত অবকাঠামো, বিনিয়োগবান্ধব নীতি এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে প্রতিযোগিতামূলক আঞ্চলিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিআইএইচএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো আতিথেয়তা শিল্প। সরকার এই খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, সেবার উৎকর্ষ বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক পর্যটন পরিবেশ গড়ে তুলতে কাজ করবে।
তিনি আন্তর্জাতিক মানের আতিথেয়তা সেবা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগ বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
‘Celebrating Leadership • Unity • Excellence’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, হোটেল মালিক, প্রধান নির্বাহী এবং দেশের শীর্ষস্থানীয় আতিথেয়তা খাতের পেশাজীবীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিআইএইচএর নবনির্বাচিত সভাপতি নাসের রহমান, এমপি বলেন, আধুনিক, টেকসই এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আতিথেয়তা খাত গড়ে তুলতে সংগঠনটি সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।
তিনি বলেন, দেশের আতিথেয়তা শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ প্রেক্ষাপটে বিআইএইচএ শিল্পে ঐক্য জোরদার, পরিচালনাগত উৎকর্ষ নিশ্চিত এবং বিশ্বমানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে।
বিআইএইচএ জানায়, নবগঠিত কার্যনির্বাহী কমিটি শিল্প ও সরকারের মধ্যে সহযোগিতা জোরদার, টেকসই পর্যটনের প্রসার, বিনিয়োগ উৎসাহিত করা, দক্ষ জনবল তৈরি এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে উদীয়মান বৈশ্বিক পর্যটন ও আতিথেয়তা গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি।