সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনায় সরকার কাজ করছে: আফরোজা
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Sunday, August 02, 2026
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একইসঙ্গে হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বাড়ানোর বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, "হজ আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আত্মশুদ্ধির এক মহান যাত্রা। এই পবিত্র ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। অন্যায় করলে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে—এ বিষয়টি আমাদের সবসময় স্মরণ রাখতে হবে।"
হজ এজেন্সিগুলোর কমিশন বাড়ানোর প্রসঙ্গে আফরোজা খানম বলেন, অতীতে উড়োজাহাজের টিকিটের অস্বাভাবিক দাম নির্ধারণ করে হজযাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর সেই সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
তিনি জানান, ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যে হজযাত্রীদের উড়োজাহাজের টিকিটের খরচ ৩৬ হাজার ৮০০ টাকা কমানো সম্ভব হয়েছে। পাশাপাশি সৌদি সরকারের আরোপিত টিকিট-সংক্রান্ত কর কমাতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বক্তব্যের শেষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান মন্ত্রী।
এর আগে সমাপনী অনুষ্ঠানের শুরুতে সাবেক মন্ত্রী হারুণার রশিদ মুন্নুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতৃবৃন্দ, হজ ও ওমরাহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক হজপ্রত্যাশী মুসল্লি উপস্থিত ছিলেন।