ব্রড পিকের তুষারধসে থেমে গেল নির্মল পুর্জার অবিরাম পথচলা
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, August 02, 2026
কিংবদন্তি পর্বতারোহী ও নেটফ্লিক্স তারকা নির্মল পুর্জা। ছবি: এএফপি
যে মানুষটি কখনো পাহাড় পর্বতের কাছে হার মানেননি, শেষ পর্যন্ত সেই পর্বতই কেড়ে নিল তাকে। পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে না ফেরার দেশে চলে গেলেন নেপালে জন্ম নেওয়া বিখ্যাত ব্রিটিশ পর্বতারোহী ও নেটফ্লিক্স তারকা নির্মল পুর্জা, যাকে তার ভক্তরা চেনেন "নিমসদাই" নামে। তার অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান এলিট এক্সপেডের বরাতে এ তথ্য জানিয়েছে ইনডিপেন্ডেন্ট ইউকে ও বিবিসি।
মৃত্যুর সময় নির্মল পুর্জার বয়স হয়েছিল ৪৩ বছর। বিশ্বের ১২তম উচ্চতম পর্বত ব্রড পিক জয়ের লক্ষ্যে ১০ সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে চীন সীমান্তবর্তী এই পর্বতে তুষারধসের কবলে পড়ে তার দল।
এলিট এক্সপেড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, অভিযানের অন্য সদস্যরাও বেঁচে নেই বলে নিশ্চিত হওয়া গেছে। প্রতিষ্ঠানটি নিহতদের পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে।
এর আগে পাকিস্তানের গিলগিট-বালটিস্তান আঞ্চলিক সরকার জানায়, দলের তিন সদস্যের মরদেহ বা আংশিক দেহাবশেষ উদ্ধারের পর তাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তারা হলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সারাহ ম্যালোরি গেইস, ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হার্থি এবং নেপালের নাগরিক পুর বাহাদুর গুরুং।
কর্মকর্তারা জানান, শুক্রবার ড্রোনের ভিডিওতে আরও কয়েকটি মরদেহের চিহ্ন দেখা গেছে, তবে খারাপ আবহাওয়ার কারণে মাটিতে গিয়ে সেগুলোর কাছে পৌঁছানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৮ হাজার ৫১ মিটার উচ্চতার ব্রড পিক পাকিস্তানের সবচেয়ে চ্যালেঞ্জিং পর্বতগুলোর একটি হিসেবে বিবেচিত। ১৯৫৭ সালে একটি অস্ট্রিয়ান অভিযাত্রী দল প্রথমবারের মতো এই পর্বত জয় করে।
জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় দলটির সঙ্গে তাদের ট্যুর অপারেটরের সর্বশেষ যোগাযোগ হয়েছিল। প্রায় ৬ হাজার ৬০০ মিটার উচ্চতায় ক্যাম্প টু থেকে ক্যাম্প থ্রির দিকে ওঠার সময় তুষারধসের কবলে পড়ে দলটি।
নির্মল পুর্জার পর্বতারোহণ ক্যারিয়ার ছিল একের পর এক রেকর্ডে ভরা। ২০১৯ সালে তিনি বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ মাত্র ছয় মাস ছয় দিনে জয় করে বিশ্বরেকর্ড গড়েন, যা ২০২৩ সাল পর্যন্ত অক্ষত ছিল। এই কীর্তি নিয়েই নির্মিত হয় নেটফ্লিক্সের বহুল আলোচিত প্রামাণ্যচিত্র "ফোরটিন পিকস: নাথিং ইজ ইমপসিবল", যা তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়।
এ ছাড়া মাত্র ৪৮ ঘণ্টায় এভারেস্ট, লোৎসে ও মাকালু—এই তিন শৃঙ্গ জয়ের রেকর্ডও তার দখলে ছিল। ২০২১ সালে সর্বপ্রথম শীতকালে কে-টু পর্বত জয়কারী দলেরও নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
ব্রিটিশ সেনাবাহিনীতে ১৬ বছর দায়িত্ব পালন করেছেন পুর্জা, যার মধ্যে ছয় বছর ছিলেন গোর্খা রেজিমেন্টে আর ১০ বছর ব্রিটিশ বিশেষ বাহিনীর সার্ভিসে।
উচ্চ শৃঙ্গের পর্বতারোহনে অসাধারণ কৃতিত্বের জন্য ২০১৮ সালে প্রয়াত রানি এলিজাবেথ-২ এর কাছ থেকে এমবিই সম্মাননা পান তিনি। ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে প্রথম গোর্খা হিসেবে এভারেস্ট জয় করেছিলেন বলেও জানিয়েছিলেন পুর্জা।
পুর্জার মৃত্যুতে শোক জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহও। প্রয়াত পর্বতারোহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শাহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী বলেছেন যে, পর্বতারোহীদের সাহস, নিষ্ঠা ও অবদান অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সূত্র: ইনডিপেন্ডেন্ট ইউকে/বিবিসি