ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
| Published: Wednesday, August 12, 2026
বাংলাদেশকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য ও ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।
আজ সকালে আগারগাঁওয়ের পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।মন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের পর্যটন খাতের উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যেই পর্যটন খাতের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠার যাত্রা সহজ নয়। এ লক্ষ্যে পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন। উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত আলোচনা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বেসরকারি অংশীজনদের সঙ্গে প্রতি মাসে বৈঠকের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামসহ দেশের বিভিন্ন সম্ভাবনাময় গ্রামকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একইভাবে দেশের ৬৪ জেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো চিহ্নিত করে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সেমিনারে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার, এনডিসি। তিনি বলেন, পর্যটন খাতের উন্নয়নে তথ্যের ঘাটতি দূর করতে ইতোমধ্যে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট (TSA) প্রণয়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ইকো-ট্যুরিজম নীতিমালা তৈরির কাজও চলমান রয়েছে।
তিনি বলেন, অতীতে বিভিন্ন পর্যায়ে সমন্বয়হীনতার কারণে পর্যটন খাতের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতায় এ সমন্বয়হীনতা দূর করে পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ, এনডিসি।
সেমিনারে বাংলাদেশে ইকো-ট্যুরিজমের গুরুত্ব ও বর্তমান অবস্থা, এ খাতের উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জ, উন্নয়ন কর্মপরিকল্পনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম।