Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইউরোপের নতুন শ্রমবাজার কসোভো, দক্ষ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের

ইউরোপের নতুন শ্রমবাজার কসোভো, দক্ষ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের

কপ৩১ সম্মেলনে কসোভোর মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম । ছবি- সংগৃহীত

সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থার আওতায় দক্ষ জনশক্তি পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের নতুন কর্মসংস্থানের গন্তব্য হতে পারে কসোভো।


গত ১৩ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়নে কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে পাকোলি-দালিপির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কসোভোর যেসব খাতে জনবলের ঘাটতি রয়েছে, সেসব খাতে যোগ্য বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে একটি সুশৃঙ্খল দক্ষ জনশক্তি অভিবাসন অংশীদারত্ব গড়ে তোলার প্রস্তাব দেন শামা।


বাংলাদেশের এ প্রস্তাবের বিষয়টি বিবেচনায় নিয়েছেন কসোভোর মন্ত্রী। তবে কর্মী নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা বা কর্মী পাঠানোর সময়সীমা ঘোষণা করা হয়নি।


এ উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রচলিত গন্তব্যগুলোর বাইরে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে।


জনশক্তি সহযোগিতার পাশাপাশি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক সফর, বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে পুনর্ব্যবহার, প্রযুক্তি হস্তান্তর, বর্জ্য ব্যবস্থাপনা ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।


কসোভোর মন্ত্রী বন্যা ব্যবস্থাপনা, পানিসম্পদ ও বায়ুর গুণগত মান নিয়ে তাঁদের দেশের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এ সময় শামা বন্যা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরেন।


বৈঠকে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।


কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। এ সময় শামা তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


বাংলাদেশের টেকসই পণ্যের বিষয়টিও তুলে ধরেন শামা। এ সময় তিনি কসোভোর মন্ত্রীকে পাটের তৈরি হস্তশিল্প উপহার দেন এবং কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান।


দক্ষ জনশক্তি পাঠানোর এ প্রস্তাব ইউরোপের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বিদেশে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ খোঁজার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News