জাল ভিসা চক্রের ১.২১ কোটি টাকার জালিয়াতি, আটক ২
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, March 31, 2026
ছবি: সংগৃহীত
ইউরোপ ও অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে জাল ভিসার দিয়ে ১৩ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক মানবপাচার চক্র।
সোমবার অভিযানের পর এ তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর কারওয়ান বাজার থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় ভিসা তৈরির যন্ত্রপাতি এবং বিপুল পরিমাণ জাল ভিসা জব্দ করা হয়। চক্রের মূল হোতা যশোরের শফিকুর রহমান সুমন এবং তার সহযোগী কম্পিউটার অপারেটর কোরবান আলী (৩০) ভুয়া ভিসা তৈরি করতেন।
মাগুরার কাজী সাব্বির ইসলাম অস্ট্রেলিয়ায় চাকরির আশায় ২০ লাখ টাকা দেন। পরে অনলাইনে যাচাই করে তিনি বুঝতে পারেন ভিসাটি সম্পূর্ণ ভুয়া।
খাগড়াছড়ির সারনিকা দেওয়ানও একইভাবে প্রতারণার শিকার হন। তিনি ২০ লাখ টাকা দেন। এমনকি টাকা জোগাড় করতে নিজের সম্পত্তিও বিক্রি করেন। তিনি বলেন, “ন্যায্য বিচার চাই।”
র্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মোহাম্মদ শাহিনুর কবির জানান, ভুক্তভোগীরা কিস্তিতে নগদ ও ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছেন। তাদের বলা হয়েছিল এক-দুই দিনের মধ্যে ভিসা দেওয়া হবে।
তিনি আরও বলেন, “কারওয়ান বাজারের একটি ভবনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। বাকি সদস্যদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।”
র্যাব জানায়, এই মানবপাচার চক্রটি সারা দেশে সক্রিয় ছিল। আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য সদস্যদের ধরতে কাজ চালিয়ে যাচ্ছে।