জাপানের বিমানবন্দরে হিউম্যানয়েড রোবট হবে ব্যাগেজ হ্যান্ডলার
পর্যটক বৃদ্ধি ও শ্রমসংকট মোকাবেলায় টোকিওর হানেদা বিমানবন্দরে পরীক্ষামূলক উদ্যোগ
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, April 30, 2026
ছবি: সংগৃহীত
জাপানের শ্রমসংকট এবার মোকাবেলা করবে রোবট। জাপান এয়ারলাইন্স (জেএএল) আগামী মে মাসের শুরু থেকে টোকিওর হানেদা বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে হিউম্যানয়েড রোবটদের কাজে নিয়োগ করতে যাচ্ছে।
দেশটিতে ক্রমবর্ধমান বিদেশি পর্যটকের চাপ এবং তীব্র শ্রমিক সংকটের স্থায়ী সমাধান হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
চীনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হ্যাংজু-ভিত্তিক ইউনিট্রি'র তৈরি এই রোবটগুলো বার্ষিক ৬ কোটিরও বেশি যাত্রী সামলানো হানেদা বিমানবন্দরের টারম্যাকে যাত্রীদের মালামাল ও কার্গো পরিবহনের কাজ করবে। ১৩০ সেন্টিমিটার উচ্চতার এই রোবটগুলো একটানা কাজ করতে সক্ষম।
জেএএল এবং এর অংশীদার প্রতিষ্ঠান জাপান এয়ারলাইন্স জিএমও ইন্টারনেট গ্রুপ ২০২৮ সাল পর্যন্ত এই পরীক্ষা পরিচালনা করবে। সম্প্রতি গণমাধ্যমের সামনে প্রদর্শনীতে একটি রোবটকে যাত্রীবাহী বিমানের পাশে কনভেয়ার বেল্টে মালামাল তুলতে দেখা গেছে।
জেএএল গ্রাউন্ড সার্ভিসের প্রেসিডেন্ট ইয়োশিতেরু সুজুকি বলেন, কায়িক পরিশ্রমের কাজে রোবট ব্যবহার কর্মীদের উপর চাপ কমাবে এবং তাদের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। তবে নিরাপত্তা ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কাজ মানুষের হাতেই থাকবে বলে তিনি জানান।
জাপান এখন এক দ্বিমুখী সংকটে। একদিকে বিদেশি পর্যটকের রেকর্ড আগমন — ২০২৫ সালে ৪ কোটি ২৭ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছেন এবং ২০২৬ সালের প্রথম দুই মাসেই এসেছেন ৭০ লাখেরও বেশি। অন্যদিকে বার্ধক্য ও জনসংখ্যা হ্রাসের কারণে শ্রমবাজার ক্রমশ সংকুচিত হচ্ছে। অনুমান করা হচ্ছে, ২০৪০ সালে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে জাপানকে ৬৫ লাখেরও বেশি বিদেশি কর্মী প্রয়োজন হবে।
জিএমও এআই অ্যান্ড রোবোটিক্সের প্রেসিডেন্ট তোমোহিরো উচিদা বলেন, "বিমানবন্দর বাইরে থেকে অত্যন্ত স্বয়ংক্রিয় মনে হলেও এর পেছনের কার্যক্রম এখনো মানব-নির্ভর এবং এখানে শ্রমসংকট অত্যন্ত তীব্র।" ভবিষ্যতে বিমানের কেবিন পরিষ্কারসহ আরও বিভিন্ন কাজে রোবট ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
সূত্র: দি গার্ডিয়ান