জনবান্ধব সরকার গড়তে জনপ্রতিনিধি-প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
| Published: Monday, August 31, 2026
জনগণের উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে জনগণের স্বার্থে সবাইকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে।
সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
মন্ত্রী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম সফল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে জনগণ তাদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা পাবে। একই সঙ্গে সরকারের প্রতি জনগণের প্রত্যাশাও পূরণ হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ সরকারের প্রতি আস্থা হারাতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ময়মনসিংহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মন্ত্রী। বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
তিনি জনগণের প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যতে আরও দৃঢ়তা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা উন্নয়ন কমিটির সংশ্লিষ্ট দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রশাসক, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।