কাতারে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চায় ঢাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Wednesday, August 19, 2026
কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিশেষ করে দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা।
কাতারের রাজধানী দোহায় সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশটির শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের শ্রম ও জনশক্তি খাতের সহযোগিতা জোরদার, বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও সুযোগ তৈরির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্র বৈচিত্র্যময় করা এবং প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা স্বীকার করেন। কাতারের বিভিন্ন খাতে দেশটির বিপুলসংখ্যক প্রবাসী কর্মীর মধ্যে বাংলাদেশিরাও গুরুত্বপূর্ণ অংশ।
দুই পক্ষই শ্রম ও জনশক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার এবং বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।