Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

পর্যটন খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, August 19, 2026
পর্যটন  খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

ছবি: হাইকমিশন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী চিউ চুন মানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।


বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন, মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা সৃষ্টির পাশাপাশি পর্যটন খাতে নতুন সহযোগিতার সুযোগ উন্মোচনের ওপর গুরুত্বারোপ করা হয়।


বিবৃতিতে বলা হয়, আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা, জ্ঞান ও সাফল্যের মডেল বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।


আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নেও দুই পক্ষ সহযোগিতার বিষয়ে আলোচনা করে, যাতে মালয়েশিয়ার দক্ষ জনবলের চাহিদা মেটাতে প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বাড়ে।


এছাড়া বৈঠকে উভয় পক্ষ পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করে। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আলোচনায় মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপ-মহাসচিব চুয়া চুন হুয়া, ট্যুরিজম মালয়েশিয়ার এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার পরিচালক নুয়াল ফাদিলাহ কু আজমি, মন্ত্রণালয় ও ট্যুরিজম মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News