কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Wednesday, August 19, 2026
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। নিহত বাংলাদেশিদের চারজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার ভোরে কলকাতায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়েছে। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।
নিহত বাংলাদেশিদের চারজন একই পরিবারের সদস্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
অগ্নিকাণ্ডে আরও ছয় বাংলাদেশি আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার খবর পাওয়ার পরপরই কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
তারা নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেন। ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দিতে মিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
ঘটনা-সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য উপহাইকমিশন ২৪ ঘণ্টার একটি হেল্পলাইনও চালু করেছে।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
একই সঙ্গে তারা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।