কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভাল শুরু
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, November 23, 2026
সংগৃহীত
কক্সবাজার সমুদ্রসৈকতের পাশের ঝাউবাগানে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’। কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং পর্যটনশিল্পের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান বাড়ানোর লক্ষ্য নিয়ে এ আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
রোববার বিকালে সৈকতসংলগ্ন ঝাউবাগানের কবিতা চত্বরের কাছে কার্নিভালের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
আয়োজকরা বলছেন, প্রথমবারের মতো আয়োজিত এ কার্নিভালে পর্যটকদের বিনোদনের জন্য থাকছে দেশীয় পণ্যের প্রদর্শনী, শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীম উজ্জামান বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে পর্যটন করপোরেশন কক্সবাজারে সৈকত, উপল, প্রবাল ও লাবণী নামে চারটি ইউনিট পরিচালনা করে আসছে। তবে এসব স্থাপনাকে প্রত্যাশিত পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়নি। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, পাহাড়-পর্বত, নদ-নদী, বনাঞ্চল, নৃতাত্ত্বিক বৈচিত্র্য, সংস্কৃতি ও খাদ্যশিল্প আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে চায় পর্যটন করপোরেশন। এর মাধ্যমে পর্যটনশিল্পের অবদান বাড়ানোর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক গনিউল আজম বলেন, সরকারি পর্যায়ে এ ধরনের আয়োজন বাস্তবায়ন সহজ না হলেও পর্যটনশিল্পের বিকাশে সাহস করে কাজ শুরু করা হয়েছে। উদ্যোগটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। তবে এসব সমালোচনা ইতিবাচকভাবে বিবেচনায় নিয়ে আয়োজনকে আরও উন্নত করতে চান তারা।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সাত দিনের পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্নিভালকে আরও গোছানো, আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তোলা হবে। কক্সবাজারে আগত পর্যটকদের আনন্দ, বিনোদন ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে আসা পর্যটকদের বড় একটি অংশ সকালে সমুদ্রসৈকতে সময় কাটান। গোসল ও আনন্দ-উল্লাসের পর সন্ধ্যা পর্যন্ত সময় কাটানোর মতো পর্যাপ্ত বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন না থাকায় অনেকেই একঘেয়েমিতে ভোগেন। তিন মাসব্যাপী এ কার্নিভাল পর্যটকদের সেই সময় আনন্দময় করে তুলতে ভূমিকা রাখবে।