Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এয়ার কানাডার রেকর্ড পরিমাণ আয়, কমেছে মুনাফা

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 23, 2026
এয়ার কানাডার রেকর্ড পরিমাণ আয়, কমেছে মুনাফা

সংগৃহীত

এয়ার কানাডার আয় রেকর্ড পরিমাণে বাড়লেও কমেছে মুনাফা। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কানাডার এই বিমান সংস্থার পরিচালন রাজস্ব আয় হয়েছে ৬ দশমিক ৯৮৪ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় ২১ শতাংশ বেশি। তবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।


বিমান চলাচলবিষয়ক সংবাদমাধ্যম সিম্পল ফ্লাইংয়ের এক প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে এয়ার কানাডার পরিচালন মুনাফা ২৮৪ মিলিয়ন ডলার থেকে কমে ২৬১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে শেয়ারহোল্ডারদের জন্য নিট মুনাফা ২৬৪ মিলিয়ন ডলার থেকে কমে হয়েছে ১৩৯ মিলিয়ন ডলার। এ সময় জ্বালানি খাতে ব্যয় বেড়েছে ৯০৬ মিলিয়ন ডলার।


জ্বালানি তেলের সম্ভাব্য দাম বৃদ্ধির কথা বিবেচনায় নিয়ে এয়ার কানাডা চলতি বছরের আয়ের পূর্বাভাসও কমিয়েছে। আগে সমন্বিত ইবিআইটিডিএ (সুদ, কর, অবচয় ও পরিশোধের আগের আয়) ২ দশমিক ৯ থেকে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার হওয়ার পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। এখন তা কমিয়ে ২ দশমিক ৪ থেকে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার করা হয়েছে।


অন্যদিকে এয়ার কানাডার প্রিমিয়াম কেবিন থেকে আয় বেড়েছে ১৯ শতাংশ। করপোরেট খাতের আয় বেড়েছে ২২ শতাংশ। তবে জুলাইয়ের শেষ দিকে চালু হওয়া বিজনেস ক্লাস ও প্রিমিয়াম ইকোনমির নতুন ‘বেসিক’ ভাড়ার কারণে এই আয় বেড়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি। কারণ, তৃতীয় প্রান্তিকের ১৩ সপ্তাহের মধ্যে মাত্র প্রায় ৯ সপ্তাহ এ ভাড়া বিক্রি হয়েছে। নতুন ভাড়া চালুর আগেই প্রিমিয়াম কেবিনের আয় বাড়ছিল।


বেসিক বিজনেস ক্লাসের টিকিট ফেরতযোগ্য নয়। কানাডা ও যুক্তরাষ্ট্রের রুটে টিকিট পরিবর্তন করতে ২০০ কানাডীয় ডলার এবং আন্তর্জাতিক ফ্লাইটে ৭০০ কানাডীয় ডলার দিতে হয়। এ ভাড়ায় কানাডা ও যুক্তরাষ্ট্রের রুটে বিনা মূল্যে চেক-ইন করা ব্যাগের সংখ্যা দুটি থেকে কমিয়ে একটি করা হয়েছে। তবে যাত্রীরা লাউঞ্জ ব্যবহারের সুবিধা ও আগের মতো অ্যারোপ্ল্যান পয়েন্ট পাবেন। প্রিমিয়াম ইকোনমি বেসিক ভাড়ায় অবশ্য লাউঞ্জ ব্যবহারের সুবিধা নেই।


সিম্পল ফ্লাইংয়ের তথ্য অনুযায়ী, টরন্টো-মেক্সিকো সিটি রুটে বেসিক ভাড়ার টিকিটের দাম ছিল ১ হাজার ২২ ডলার। স্ট্যান্ডার্ড ভাড়া ছিল ১ হাজার ৯৩ ডলার। অর্থাৎ দুই ভাড়ার পার্থক্য মাত্র ৭১ ডলার।


২০২৭ সালের শুরুর দিকে প্রকাশিত এয়ার কানাডার চতুর্থ প্রান্তিকের আর্থিক ফলাফলে প্রথমবারের মতো পুরো তিন মাসের বেসিক ভাড়ার প্রভাব দেখা যাবে। এদিকে ২০২৭ সালের জানুয়ারির শেষ নাগাদ আনকো ভ্যান ডার ওয়ার্ফের সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News