বাংলাদেশি রোগীদের ভিসা সুবিধা বাড়ানোর আশ্বাস থাইল্যান্ডের
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Sunday, November 22, 2026
সংবাদ বিজ্ঞপ্তি
থাইল্যান্ডে চিকিৎসার জন্য বারবার যেতে হয়, এমন বাংলাদেশি রোগীদের একাধিকবার প্রবেশের (মাল্টিপল এন্ট্রি) ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি। এতে চিকিৎসার প্রয়োজনে প্রতিবার থাইল্যান্ডে যাওয়ার আগে নতুন করে ভিসার আবেদন করার ঝামেলা কমবে।
আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। এ সময় তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া রোগীদের সহযোগিতা করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান হুমায়ুন কবির। একই সঙ্গে যেসব রোগীকে চিকিৎসা ও পরবর্তী পরামর্শের জন্য একাধিকবার থাইল্যান্ডে যেতে হয়, তাঁদের ভিসার ক্ষেত্রে আরও নমনীয় হওয়ার অনুরোধ জানান তিনি।
জবাবে থাই রাষ্ট্রদূত জানান, যেসব রোগীর একাধিকবার থাইল্যান্ডে যাতায়াতের প্রয়োজন, তাঁদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দীর্ঘমেয়াদি চিকিৎসা কিংবাএকাধিকবার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়, এমন রোগীদের জন্য এ ভিসা সুবিধাজনক হতে পারে। ভিসার মেয়াদ থাকা অবস্থায় সংশ্লিষ্ট অভিবাসন নিয়ম মেনে একাধিকবার থাইল্যান্ডে যাওয়া যাবে। তবে রোগীদের সঙ্গে যাওয়া পরিবারের সদস্যরা এ সুবিধা পাবেন কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ভিসার নিয়মের ওপর। থাই রাষ্ট্রদূতের আশ্বাসে বিশেষভাবে রোগীদের কথা উল্লেখ করা হয়েছে।
কবে থেকে এ ব্যবস্থা কার্যকর হবে, কারা এ ভিসা পাওয়ার যোগ্য হবেন, কত দিন অবস্থান করা যাবে কিংবা বিদ্যমান ভিসাপদ্ধতিতে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
বৈঠকে চিকিৎসার জন্য ভ্রমণের পাশাপাশি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পর্যটন, যোগাযোগ এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ২০২৭ সালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির।
থাই রাষ্ট্রদূত এ প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বাড়াতে সহযোগিতা সম্প্রসারণের আশ্বাস দেন।
বৈঠকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) জোটে যোগ দেওয়ার আগ্রহকে সমর্থন করায় থাইল্যান্ডকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। ১৯ নভেম্বর মিয়ানমারের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের সহযোগিতা চান হুমায়ুন কবির।
থাই রাষ্ট্রদূত আলোচনায় উঠে আসা বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।