লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, November 23, 2026
-দূতাবাস
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার বেনগাজীর একটি ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৪ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ২৩ নভেম্বর বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাঁদের ফেরত পাঠানো হয়। ভূমধ্যসাগরে উদ্ধারের পর তাঁরা সেখানে দীর্ঘদিন আটক ছিলেন। তাঁদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।
পোস্টে বলা হয়, লিবিয়ার এয়ারলাইন্স বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তাঁদের মঙ্গলবার, ২৪ নভেম্বর, সকাল ৬টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা।
বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। লিবিয়া সরকারের পররাষ্ট্র দপ্তরসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারাও সেখানে ছিলেন।
বিদায়ের আগে সংক্ষিপ্ত সাক্ষাতে রাষ্ট্রদূত তাঁদের খোঁজখবর নেন। দেশে ফিরে নতুন করে জীবন শুরু করতে বলেন তিনি। ভবিষ্যতে দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পরামর্শও দেন।
কোনো অবস্থাতেই অনিয়মিত পথে বিদেশ না যেতে তিনি সতর্ক করেন। লিবিয়ায় তাঁদের কঠিন অভিজ্ঞতার কথা অন্যদের জানাতে বলেন, যাতে অনিয়মিত অভিবাসন ঠেকাতে সচেতনতা তৈরি হয়। মানব পাচার ও অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন রাষ্ট্রদূত।
দূতাবাস জানায়, লিবিয়ার বিভিন্ন শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এবং ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের ফেরাতে তারা সব ধরনের সহায়তা দিয়ে আসছে। আইওএমের সহায়তায় ২৫ নভেম্বর ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ জনকে দেশে ফেরানোর কাজ চলছে।