Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কানাডাকে বাংলাদেশিদের ভিসা দ্রুত করার আহ্বান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা দ্রুত দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার সুযোগ, দক্ষ কর্মীদের অভিবাসন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন।

কানাডাকে বাংলাদেশিদের ভিসা দ্রুত করার আহ্বান

সংগৃহীত

 কানাডায় যেতে ইচ্ছুক বাংলাদেশিদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দক্ষ ও বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর বিষয়েও কানাডার সঙ্গে আলোচনা করেছে সরকার।


২৪ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


বাংলাদেশ-কানাডা ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন ওয়েলডন এপ। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।


বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করা প্রয়োজন। পাশাপাশি অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করে দক্ষ ও বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তবে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমানোর বিষয়ে কানাডার পক্ষ থেকে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।


বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন কানাডীয় ডলারে পৌঁছেছে। এই বাণিজ্য আরও বাড়াতে কানাডার বিনিয়োগ এবং ব্যবসায়িক সম্পর্কের পরিধি বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, কৃষি, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তিকে দুই দেশের সহযোগিতার সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া সৃজনশীল অর্থনীতিতে নারীদের জন্য সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।


স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আরও তিন বছর বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা চালু রাখার কানাডার আগ্রহকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।


বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।


দুই দেশের মধ্যে শিক্ষা, বিনিয়োগ, অভিবাসন ও বাণিজ্য খাতে সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকারের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News