Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিসা ও আইডি নবায়ন করবে আমিরাতের এআই সহকারী ‘মিরা’

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 24, 2026
ভিসা ও আইডি নবায়ন করবে আমিরাতের এআই সহকারী ‘মিরা’

সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরকারি সেবা সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী ‘মিরা’ চালু করা হয়েছে। এর মাধ্যমে একটি কথোপকথনের মাধ্যমেই এমিরেটস আইডি, পাসপোর্ট ও আবাসন অনুমতিপত্র নবায়নসহ বিভিন্ন সরকারি সেবা নিতে পারবেন দেশটির বাসিন্দারা। ২০২৭ সালের মার্চ থেকে এর প্রথম পর্যায়ের সেবা চালু হওয়ার কথা রয়েছে।


মঙ্গলবার অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, ইউএই গভর্নমেন্ট কনসিয়ার্জ এজেন্ট নামের এই সেবার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন সরকারি প্ল্যাটফর্মে গিয়ে তথ্য খোঁজা বা আলাদাভাবে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনের কথা সাধারণ ভাষায় জানালে মিরা সংশ্লিষ্ট সরকারি সেবা শনাক্ত করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।


সেবার ধরন অনুযায়ী, একই কথোপকথনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য যাচাই, আবেদনের অনুমোদন, ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যাবে।


দুবাইয়ের এক্সপো সিটিতে মিরার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীরা দেখিয়েছেন, কীভাবে মিরার মাধ্যমে ব্যক্তি, পরিবার, শিক্ষার্থী, নিয়োগকর্তা ও বিনিয়োগকারীরা বিভিন্ন সেবা নিতে পারবেন।


প্রদর্শিত সেবার মধ্যে রয়েছে পরিচয়পত্র ও পাসপোর্ট নবায়ন, পরিবারের সদস্যদের আবাসন অনুমতিপত্র নবায়ন এবং নবজাতকের জন্য প্রয়োজনীয় নথি তৈরি। এ ছাড়া চাকরির চুক্তি যাচাই, তথ্য হালনাগাদ, ফি পরিশোধ ও ওয়ার্ক পারমিট নবায়নের সুবিধাও দেখানো হয়েছে।


স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শের জন্য তথ্য প্রস্তুত এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, পরিবর্তন বা বাতিল করা যাবে। উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ও ভর্তির শর্ত তুলনা, আবেদন এবং আবেদনের অগ্রগতি জানার সুবিধাও থাকবে।


এ ছাড়া শিক্ষার্থীদের ফলাফল, পরীক্ষার তারিখ ও আচরণ সম্পর্কে তথ্য জানা, স্কুলের সতর্কবার্তা পাওয়া এবং স্কুলবাসের অবস্থান পর্যবেক্ষণ করা যাবে। ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের নিবন্ধন নবায়ন, শুল্ক ছাড়ের আবেদন এবং ইন-কান্ট্রি ভ্যালু (আইসিভি) সনদ পাওয়ার সেবাও প্রদর্শন করা হয়েছে।


তবে ২০২৭ সালের মার্চে প্রথম পর্যায়ে ঠিক কোন কোন সেবা চালু হবে, তা এখনো জানায়নি সংযুক্ত আরব আমিরাত সরকার।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News