পাখি তাড়াতে বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ও বন্দুক কেনার নির্দেশ
বিমানবন্দরে পাখির আঘাতের ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ ও দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নিতে বলেছেন তিনি।
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Tuesday, November 24, 2026
ছবি- মন্ত্রণালয়
দেশের বিমানবন্দরগুলোতে পাখির আঘাতজনিত দুর্ঘটনা (বার্ড স্ট্রাইক) কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বিমানবন্দরগুলোতে আধুনিক পাখি নিয়ন্ত্রণ ইউনিট স্থাপন, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং জনবলসংকট দূর করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) নির্দেশ দেওয়া হয়েছে।
২৪ নভেম্বর ঢাকায় বেবিচকের সদর দপ্তরে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনা জাতীয় কমিটির প্রথম সভায় এসব নির্দেশ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় সভাপতিত্ব করেন তিনি।
মন্ত্রী বলেন, উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা বিমান পরিবহন খাতের উন্নয়নের জন্য জরুরি। পাখির আঘাতে উড়োজাহাজের ইঞ্জিন, সামনের কাচসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ফ্লাইটের সময়সূচি ব্যাহত হওয়ার পাশাপাশি উড়োজাহাজ পরিচালনায় ঝুঁকি তৈরি হয়।
বিমানবন্দরের আশপাশে পাখির চলাচল নিয়ন্ত্রণে আধুনিক অ্যান্টি-বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি সাম্প্রতিক সময়ে পাখির আঘাতের ঘটনাগুলোর তথ্য পর্যালোচনা করে ঝুঁকির জায়গাগুলো চিহ্নিত করতে বলেছেন তিনি।
পাখির আঘাতের ঝুঁকি বেশি থাকে উড়োজাহাজের উড্ডয়ন, আকাশে ওঠার প্রাথমিক পর্যায় এবং অবতরণের সময়। এসব সময়ে উড়োজাহাজ তুলনামূলক কম উচ্চতায় চলাচল করে। ফলে পাখির সঙ্গে সংঘর্ষের আশঙ্কা থাকে। কোনো কোনো ঘটনায় উড্ডয়ন বাতিল, বিমানবন্দরে ফিরে আসা কিংবা জরুরি অবতরণের প্রয়োজন হতে পারে।
সভায় মন্ত্রী পর্যাপ্তসংখ্যক পাখি তাড়ানোর বন্দুক সংগ্রহ এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দেন। তিনি বলেন, নিরাপদ উড্ডয়ন এলাকা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
এ ছাড়া বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনার অগ্রগতি পর্যালোচনা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে জাতীয় কমিটিকে প্রতি তিন মাসে সভা করার নির্দেশ দেন মন্ত্রী।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং জাতীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।