মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, November 23, 2026
ছবি- সংগৃহীত
মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না পাওয়া বিদেশি নাগরিকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। গত তিন বছরে ২৭ হাজার ৫০৪ জন বাংলাদেশি ‘নট-টু-ল্যান্ড’ (এনটিএল) নোটিশ পেয়েছেন। এ তালিকায় শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিকেরা। তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের নাগরিকেরা।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে গত অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ার ৩৪ হাজার ৬৫০ জন, বাংলাদেশের ২৭ হাজার ৫০৪ জন এবং ভারতের ২২ হাজার ৩৫০ জন নাগরিক এনটিএল নোটিশ পেয়েছেন।
মালয়েশিয়ার কোনো সীমান্ত বা বিমানবন্দরে কোনো বিদেশি নাগরিকের প্রবেশ আটকে দিয়ে তাঁকে যাত্রা শুরুর সর্বশেষ স্থান বা বিমানবন্দরে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হলে এ নোটিশ দেওয়া হয়।
জাকারিয়া শাবান জানান, চলতি বছরের প্রথম ১০ মাসে ৪১ হাজার ৬৫৬ জন বিদেশি নাগরিককে এ নোটিশ দেওয়া হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১৪০ জন বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৪৯ হাজার ৫২২ এবং ২০২৪ সালে ৩৪ হাজার ৫২৮।
প্রবেশে বাধার কারণ
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, দেশটির নির্ধারিত সব প্রবেশপথে যাত্রীদের কঠোরভাবে যাচাই করা হয়। প্রবেশের শর্ত পূরণ করতে না পারলে তাঁদের ফেরত পাঠানো হয়।
প্রবেশে বাধা দেওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে অবস্থানের খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে না পারা, ভ্রমণের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থাকা এবং নিরাপত্তা বা কালোতালিকাভুক্ত ব্যক্তিদের তথ্যভান্ডারে নাম থাকা। এ ছাড়া বৈধ পাসপোর্ট বা উপযুক্ত ভিসা না থাকলেও প্রবেশের অনুমতি দেওয়া হয় না।
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, অবৈধভাবে কাজ করা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া কিংবা অন্যান্য আইন লঙ্ঘনের কারণেও বিদেশিদের ওপর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এসব নিষেধাজ্ঞা সাময়িক বা অনির্দিষ্টকালের জন্য হতে পারে।
এনটিএল নোটিশ এড়াতে যাত্রীদের কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা পাসপোর্ট, নিশ্চিত ফেরত বা পরবর্তী গন্তব্যের টিকিট এবং অবস্থানের পুরো সময়ের জন্য পর্যাপ্ত অর্থ ও আবাসনের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন জাকারিয়া।
এ ছাড়া ছাড়প্রাপ্ত ব্যক্তি ছাড়া সব বিদেশি নাগরিককে মালয়েশিয়ায় পৌঁছানোর আগের তিন দিনের মধ্যে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে।
৪ লাখের বেশি মালয়েশীয়র বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
এদিকে ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ৪ লাখ ৪ হাজার ৮৪৮ জন মালয়েশীয় নাগরিকের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাকারিয়া শাবান।
বকেয়া আয়কর, শুল্কসংক্রান্ত অমীমাংসিত বিষয়, কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের (ইপিএফ) বকেয়া, আদালতের আদেশ, দেউলিয়াত্বের মামলা এবং সরকারি শিক্ষাঋণ পরিশোধ না করার কারণে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জাকারিয়া বলেন, অভিবাসন বিভাগ বিভিন্ন সরকারি সংস্থার পাঠানো নির্দেশনার ভিত্তিতে ব্যবস্থা নেয়। তবে বিভাগটি নিজে কোনো বকেয়া অর্থ আদায় করে না। নিষেধাজ্ঞার কারণে কোনো মালয়েশীয় নাগরিক দেশ ছাড়তে না পারলে তাঁকে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করতে হবে।
কারও বিরুদ্ধে সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা বা পলাতক ব্যক্তির নোটিশ থাকলে তাঁকে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হবে বলেও জানান তিনি। ভ্রমণের আগে নিজেদের অবস্থান যাচাই করতে মালয়েশীয় নাগরিকদের সরকারি ইমিগ্রেশন ট্রাভেল স্ট্যাটাস চেক ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছেন তিনি।