মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন আফরোজা খানম
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Sunday, July 19, 2026
ছবি: মন্ত্রণালয়
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সংশ্লিষ্টদের নিয়ে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আজ আমরা শুধু একটি কর্মসূচির উদ্বোধন করতে একত্রিত হইনি। আমরা একত্রিত হয়েছি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করতে। একটি শিশুর হাতে একটি গাছ তুলে দিতে। একটি গাছের মাধ্যমে একটি সুন্দর আগামীর বীজ বপন করতে। ”
তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃতি সংরক্ষণ, পরিবেশের নিরাপত্তা এবং মানুষের সচেতনতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
আফরোজা খানম আরও বলেন, একটি গাছ লাগানো শুধু চারা রোপণ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রতীক এবং পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
এ সময় মানিকগঞ্জবাসীর আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জেলার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।