মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্যাপন, র্যালি ও পোনা অবমুক্ত
নিজস্ব প্রতিবেদক
| Published: Sunday, August 16, 2026
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে উদ্যাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। আজ রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এ কর্মসূচিতে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষকে তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, "সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তিনি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের স্বপ্রণোদিত হয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং মৎস্য চাষিদের যেকোনো ধরনের কারিগরি সহায়তা দিতে সরকার সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে দেশীয় মাছের কোনো বিকল্প নেই এবং দারিদ্র্য বিমোচন ও জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে মৎস্য চাষকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় ও সম্প্রসারিত করতে হবে।
বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রথম ছয় মাসেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যাপক অগ্রগতি হয়েছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি। জুলাই যোদ্ধাদের প্রতি সম্মানার্থে পর্যটন করপোরেশনের অধীনে হোটেল-মোটেল এবং বিমান ভাড়ায় বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রবাসীদের জন্য ন্যায্য বিমানভাড়া নিশ্চিত করতেও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, "আপনাদের সকলের সহযোগিতায় বিমান খাতের সকল সিন্ডিকেট নির্মূলে সক্ষম হতে পারব বলে আশা রাখি।"
আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসকসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।