দেশে প্রথমবারের মতো এভিয়েশন গ্রাউন্ড অপারেশন নিয়ে কর্মশালা করছে এভিয়েশন.কম.বিডি
নিজস্ব প্রতিবেদক
| Published: Sunday, August 16, 2026
এভিয়েশন গ্রাউন্ড অপারেশন এবং এই খাতে ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে তরুণদের ধারণা দিতে দেশে প্রথমবারের মতো একটি বিশেষ কর্মশালার আয়োজন করছে এভিয়েশন.কম.বিডি। আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
‘ইন্ট্রোডাকশন টু এভিয়েশন গ্রাউন্ড অপারেশন: নলেজ অ্যান্ড ক্যারিয়ার পাথ’ শিরোনামের এই কর্মশালায় অংশগ্রহণকারীদের এভিয়েশন গ্রাউন্ড অপারেশনের বিভিন্ন দিক এবং এই খাতে বিদ্যমান ও ভবিষ্যৎ ক্যারিয়ার সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
আয়োজকেরা জানান, দেশে এভিয়েশন নিয়ে ক্যারিয়ার-সংক্রান্ত আলোচনায় সাধারণত পাইলট ও কেবিন ক্রু পেশাই বেশি গুরুত্ব পায়। অথচ একটি বিমান বিমানবন্দরে অবতরণের পর থেকে পুনরায় উড্ডয়ন পর্যন্ত সময়ে যাত্রীসেবা, ব্যাগেজ, কার্গো, এয়ারসাইড কার্যক্রম, নিরাপত্তা ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট কার্যক্রমে বিপুলসংখ্যক পেশাজীবী যুক্ত থাকেন। কর্মশালায় গ্রাউন্ড অপারেশনের এসব কার্যক্রম, সংশ্লিষ্ট পেশা এবং সেখানে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা হবে।
আয়োজকদের ভাষ্য, বাংলাদেশের এভিয়েশন অবকাঠামো ও বিমানবন্দর কার্যক্রম সম্প্রসারণের সঙ্গে সঙ্গে দক্ষ জনবলের চাহিদাও বাড়ছে। বিশেষত গ্রাউন্ড অপারেশন, যাত্রীসেবা, ব্যাগেজ, কার্গো ও এয়ারপোর্ট সাপোর্ট কার্যক্রমে প্রশিক্ষিত জনবলের জন্য আগামী দিনে আরও সুযোগ তৈরি হতে পারে। এই বাস্তবতা মাথায় রেখেই তরুণদের এভিয়েশন গ্রাউন্ড অপারেশন খাতের কর্মক্ষেত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায় সংগঠনটি।
কর্মশালায় থাকবে এভিয়েশন গ্রাউন্ড অপারেশনের পরিচিতি, সামগ্রিকভাবে এভিয়েশন শিল্পের চিত্র, গ্রাউন্ড অপারেশনের বিভিন্ন কার্যক্রম, ক্যারিয়ার পথ এবং পেশাগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা। এ ছাড়া অভিজ্ঞ এভিয়েশন পেশাজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।
কর্মশালার মূল আলোচক হিসেবে থাকবেন এভিয়েশন.কম.বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের সাবেক এয়ারপোর্ট ম্যানেজার হারুনুর রশীদ। বিশেষ বক্তা হিসেবে যুক্ত থাকবেন মিসবাহ আল আহমেদ মজুমদার। দীর্ঘদিন ধরে এভিয়েশন গ্রাউন্ড অপারেশন খাতে কাজ করা এই পেশাজীবী ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস, ডিএইচএল, কাতার এয়ারওয়েজ, আরএকে এয়ারওয়েজ, শ্রীলঙ্কান এয়ারলাইনস ও মালদিভিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ এভিয়েশন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রে কর্মশালাটি চলবে। অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি ২ হাজার ৫০০ টাকা। তবে আগামী ৩১ আগস্টের মধ্যে নিবন্ধন করলে ফি লাগবে ২ হাজার টাকা। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
আয়োজক প্রতিষ্ঠান এভিয়েশন.কম.বিডি দীর্ঘদিন ধরে এভিয়েশন ও পর্যটন খাতে দক্ষতা ও ক্যারিয়ার নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণ প্রজন্মকে এভিয়েশন ও পর্যটন খাতের ভবিষ্যৎ সম্ভাবনার সঙ্গে পরিচিত করা এবং তাদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ ও কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।