Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নিলস ঝড়ে ফ্লাইট বাতিল, বিদ্যুৎহীন ৪ লাখ ৫০ হাজার পরিবার

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, February 14, 2026
নিলস ঝড়ে ফ্লাইট বাতিল, বিদ্যুৎহীন ৪ লাখ ৫০ হাজার পরিবার

ফাইল ছবি

নিলস ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ফ্রান্স, স্পেন ও পর্তুগালে অনেক ফ্লাইট বাতিল করা হয়। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত দক্ষিণ-পশ্চিম ইউরোপের উড়োজাহাজ চলাচল ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করে।


ঝড়ো বাতাসের কারণে বড় বড় বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বহু ফ্লাইট স্থগিত করে একাধিক এয়ারলাইন্স। একই সঙ্গে ট্রেন ও ফেরি চলাচলেও বিঘ্ন ঘটে। সড়ক পরিবহনেও বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে।


ফরাসি আবহাওয়াবিদরা নিলস ঝড়কে ‘অস্বাভাবিকভাবে শক্তিশালী’ বলে বর্ণনা করেন। যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় রেখে উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ একাধিক ফ্লাইট বাতিল করে। তবে কতগুলো ফ্লাইট বাতিল হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।


ঝড়ের প্রভাবে দক্ষিণ ফ্রান্স, উত্তর স্পেন এবং পর্তুগালের কিছু অংশে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়। চরম আবহাওয়ার কারণে এভিয়েশন খাতসহ অন্যান্য পরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিক কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে পড়ে।


বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনেদিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণ ফ্রান্সে প্রায় ৪ লাখ ৫০ হাজার পরিবার বিদ্যুৎবিহীন ছিল। বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে প্রায় ৩ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে। তবে জলাবদ্ধ মাঠ ও অবরুদ্ধ সড়কের কারণে মেরামত কাজ ব্যাহত হচ্ছে।


প্রতিষ্ঠানটি জানায়, শুক্রবার সকাল ৬টা (জিএমটি) পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকা ৯ লাখ গ্রাহকের মধ্যে ৫০ শতাংশের সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে। সংকট ব্যবস্থাপনা পরিচালক হার্ভে শ্যাম্পেনোয়া বলেন, বন্যার কারণে অনেক এলাকায় কাজ চালানো কঠিন হয়ে পড়েছে।


ফরাসি আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার ঝড়টি পূর্ব দিকে সরে গেলেও কিছু এলাকায় এখনো বন্যার ঝুঁকি রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


বিভিন্ন আঞ্চলিক বিমানবন্দরে ধ্বংসাবশেষ অপসারণ ও নিরাপত্তা পরিদর্শনের কারণে কার্যক্রম পুনরায় চালু করতে দেরি হচ্ছে। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের পুনর্বিন্যাসে কাজ করছে অনেক এয়ারলাইন্স।


বিশেষজ্ঞরা বলেন, সম্প্রতি ইউরোপের এভিয়েশন খাতে চরম আবহাওয়াজনিত ফ্লাইট বিঘ্নের সংখ্যা বাড়ছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আরও প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনার প্রয়োজন হবে।


সূত্র: গালফ নিউজ/এএফপি

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News