নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে আহত এক বাংলাদেশির মৃত্যু
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, June 05, 2026
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে গত বুধবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২২ জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। নিহত ওই বাংলাদেশির নাম মো. নুরুল আমিন (৪৪)।
বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা নিহত নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
হাইকমিশন জানায়, ৩ জুন সকালের ওই অগ্নিকাণ্ডে দুটি বাংলাদেশি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে তারা হোটেলটিতে অবস্থান করছিলেন। হোটেলটির নিকটবর্তী ম্যাক্স হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য তারা দিল্লিতে এসেছিলেন।
বর্তমানে আহত বাংলাদেশি নাগরিকরা নয়াদিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ হাইকমিশন তাদের এবং তাদের পরিজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
বৃহস্পতিবার সকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
হাইকমিশন জানিয়েছে, তাদের কর্মকর্তারা হাসপাতালগুলোতে অবস্থান করে রোগী, স্বজন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করছেন, যাতে জরুরি কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা দেওয়া যায়।
এ ছাড়া আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ হাইকমিশন।