অভিবাসন জালিয়াতি ঠেকাতে ট্রাভেল এজেন্সিগুলোকে সচেতন হওয়ার আহ্বান
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Wednesday, November 18, 2026
নিরাপদ অভিবাসন ও ভিসা জালিয়াতি প্রতিরোধে ঢাকায় আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন অতিথিরা । ছবি- এভিয়েশন এক্সপ্রেস
নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে ট্রাভেল এজেন্সি ও অভিবাসন সহায়তাকারীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ভিসা জালিয়াতি, জাল নথিপত্র এবং মানব পাচার প্রতিরোধে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
বুধবার ঢাকার হোটেল হলিডে ইন-এ আয়োজিত এক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের উদ্যোগে ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় এবং এভিয়েশন এক্সপ্রেসের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় পর্যটনশিল্পের পেশাজীবী, অভিবাসন সহায়তাকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞরা অংশ নেন। অনিয়মিত অভিবাসন, জাল নথিপত্র, ভুল তথ্য এবং শোষণের বিষয়ে সচেতনতা বাড়ানো ছিল এ কর্মশালার মূল লক্ষ্য। পাশাপাশি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট আইনি বিধান সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
আলোচনায় বলা হয়, বৈধ ভিসার আবেদন ও ভ্রমণপ্রক্রিয়া সম্পর্কে সম্ভাব্য অভিবাসীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে ট্রাভেল এজেন্সি ও অভিবাসন সহায়তাকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অংশগ্রহণকারীরা ভ্রমণ নথিপত্র যাচাই, সঠিক তথ্য দেওয়া, পেশাগত সততা বজায় রাখা এবং সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এসব বিষয়ে অবহেলার কারণে ভ্রমণকারী ও অভিবাসীরা আইনি জটিলতা কিংবা শোষণের শিকার হতে পারেন।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম। এতে বৈধ অভিবাসনের পথ, যুক্তরাজ্যের অভিবাসনসংক্রান্ত নিয়মকানুন, প্রতারণামূলক সহায়তার ঝুঁকি এবং অনিয়মিত অভিবাসনের নতুন প্রবণতা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় আরও উঠে আসে, সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল পেশাগত আচরণ কীভাবে সম্ভাব্য অভিবাসীদের প্রতারণামূলক কর্মকাণ্ড ও মানব পাচারকারী চক্রের শিকার হওয়া থেকে রক্ষা করতে পারে।
অভিবাসনের প্রবণতা, নতুন ঝুঁকি এবং ট্রাভেল এজেন্সি ও অভিবাসন সহায়তাকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে একটি অধিবেশনে আলোচক হিসেবে ছিলেন পুলিশ সদর দপ্তরের স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্টের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) এ কে এম আক্তারুজ্জামান।
কর্মসূচিতে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন, ২০২৬-এর গুরুত্বপূর্ণ ধারাগুলো নিয়েও একটি অধিবেশন ছিল। বিশেষ করে অভিবাসী চোরাচালানসংক্রান্ত বিধানগুলো নিয়ে আলোচনা করা হয়।
আইনবিষয়ক অধিবেশনটি পরিচালনার দায়িত্বে ছিলেন আইন ও বিচার বিভাগের সলিসিটর উইংয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসেন (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ)।
কর্মশালার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘ঝুঁকির লক্ষণ শনাক্তকরণ ও নৈতিক প্রতিক্রিয়া’ শীর্ষক একটি অংশগ্রহণমূলক দলীয় আলোচনা। এতে সঞ্চালনা করেন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি মো. তানজিম আনোয়ার।
এ অধিবেশনে অনিয়মিত অভিবাসন, সন্দেহজনক ভিসা-ব্যবস্থা, জাল নথিপত্র এবং সম্ভাব্য শোষণমূলক কর্মকাণ্ডের সতর্কসংকেত শনাক্ত করতে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয়। পাশাপাশি এসব পরিস্থিতিতে যথাযথ নৈতিক ও পেশাগত পদক্ষেপ কী হতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। একই সঙ্গে অভিবাসন সহায়তাকারী, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন।
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ। সংস্থাটি প্রতিরোধমূলক উদ্যোগ, ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় সহায়তা, ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসনে কাজ করে আসছে।
সংস্থাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আরআরআরআই টাস্কফোর্স এবং সরকার-এনজিও সমন্বয় কমিটির সদস্য। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া তৈরিতেও সংস্থাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা দিয়েছে।
অংশগ্রহণকারীদের মূল্যায়ন এবং সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়। এ সময় সম্ভাব্য অভিবাসীদের সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা, আইনি বাধ্যবাধকতা মেনে চলা ও নৈতিক চর্চার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।