স্পিরিট এয়ারলাইনসের কর্মীদের তথ্য কিনছে গুগল
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, November 18, 2026
ছবি- সংগৃহীত
বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইনসের অভ্যন্তরীণ ব্যবসায়িক তথ্য ১ কোটি ডলারে কেনার অনুমোদন পেয়েছে গুগল। মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালত এ অনুমোদন দেন।
যুক্তরাষ্ট্রের আদালতের বিচারক শন লেন শুনানিতে এ সিদ্ধান্ত দেন। শ্রমিক ইউনিয়ন ও দেশটির ১২০ জনের বেশি আইনপ্রণেতার উদ্বেগের পরিপ্রেক্ষিতে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট গত সপ্তাহে তথ্যের গোপনীয়তা রক্ষায় বাড়তি সুরক্ষাব্যবস্থা নিতে সম্মত হয়।
স্বল্পমূল্যের বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইনস গত মে মাসে কার্যক্রম বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটির সম্পদ বিক্রির অংশ হিসেবে গত আগস্টে কর্মীদের ই-মেইল, স্প্রেডশিট ও ক্যালেন্ডারের তথ্য কেনার নিলামে জয়ী হয় গুগল। এ ছাড়া বিপণন, উৎপাদনশীলতা ও পরিচালনাসংক্রান্ত তথ্যও কিনছে প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, এসব তথ্য পণ্য উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহার করা হবে।
গত অক্টোবরে বিচারককে চুক্তিটি অনুমোদনের সুপারিশ করা হয়। তবে স্পিরিটের ৯ কোটি ৭০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য বাদ দেওয়ার শর্ত দেয়া হয়। একই সঙ্গে, তথ্য বিক্রি নিয়ে ওই মাসের শেষ দিকে উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। তাদের আশঙ্কা, এসব তথ্যের মধ্যে কর্মীদের কয়েক কোটি ই-মেইল ও মাইক্রোসফট টিমসের বার্তা রয়েছে। তারা গুগলকে লেনদেন থেকে যতটা সম্ভব কর্মীদের তথ্য বাদ দেওয়ার আহ্বান জানান।
ফ্লাইট অ্যাটেনডেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফ্লাইট অ্যাটেনডেন্টস-সিডব্লিউএ গত সপ্তাহে জানায়, কর্মীদের পরিচয় গোপন রাখতে আরও কঠোর ব্যবস্থা নিতে রাজি হয়েছে গুগল। কর্মীদের স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত তথ্যসহ ব্যক্তিগত তথ্য বিক্রি করা হবে না বলেও জানিয়েছে সংগঠনটি।