Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 18, 2026
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ছবি- পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার।


মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে সরকার সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।’


তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় একইভাবে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকারের আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।


আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবেন, তাদের যাতায়াতসহ সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।


মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বন্ধ প্রক্রিয়া পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে সরকার এ প্রক্রিয়া পুনরায় চালু করতে সক্ষম হয়েছে।’


প্রধানমন্ত্রী বলেন, শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের বিদেশযাত্রার ব্যয় যাতে দুই লাখ টাকার মধ্যে বা সহনীয় পর্যায়ে রাখা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।


বিদেশে কর্মী প্রেরণে সিন্ডিকেট ফ্যাসিস্ট সরকারের সময়ে শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই যে সিন্ডিকেটের যেই সমস্যার কথা আপনি বললেন বা মানুষকে ঠকানোর কথাটি বললেন এটা প্রকট আকার ধারণ করেছিল পলাতক স্বৈরাচারের সময়। আমরা দেখেছি, কিভাবে তাদের লোকজন এই দেশের মানুষকে ঠকিয়ে এইভাবে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে।’


তিনি বলেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন স্বৈরাচারের তৈরি করা সিন্ডিকেটের কারণের অনেকগুলো দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধই রেখেছিল, স্থগিত করে দিয়েছিল অথবা অনেক ক্ষেত্রে স্লো করে দিয়েছিল।’


এর আগে বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।


গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন আজ বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News