বিশ্বের সেরা এয়ারলাইনসের তালিকায় শীর্ষে এমিরেটস
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, November 18, 2026
ছবি- টাইম ম্যাগাজিন
বিশ্বের সেরা এয়ারলাইনসের তালিকায় প্রথম স্থান পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এমিরেটস। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম ও তথ্যবিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার যৌথ উদ্যোগে ২০২৭ সালের বিশ্বের সেরা এয়ারলাইনসের এই তালিকা তৈরি করেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কাতার এয়ারওয়েজ। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ডের এয়ার নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর এয়ারলাইনস। পঞ্চম স্থানে রয়েছে হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ।
তালিকার শীর্ষ ১০-এ আরও রয়েছে ডেলটা এয়ারলাইনস, সাউথ আফ্রিকান এয়ারওয়েজ, চায়না সাউদার্ন এয়ারলাইনস, এয়ার চায়না ও আমেরিকান এয়ারলাইনস।
টাইম ও স্ট্যাটিস্টা এ তালিকা তৈরিতে গত তিন বছরের স্বাধীন ফ্লাইট-সংক্রান্ত তথ্য এবং যাত্রীদের মতামত বিবেচনায় নিয়েছে। এ ছাড়া নির্ভরযোগ্যতা, ব্যবসায়িক ভ্রমণ ও দীর্ঘপাল্লার ফ্লাইটের মতো বিষয়েও আলাদা তালিকা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহব্যবস্থার সংকট, জ্বালানির দাম, ভূরাজনৈতিক অস্থিরতা এবং উড়োজাহাজ সরবরাহে বিলম্বের মতো নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এয়ারলাইনস শিল্প। এ পরিস্থিতিতেও যাত্রীসেবা ও পরিচালন দক্ষতার ভিত্তিতে এগিয়ে থাকা এয়ারলাইনসগুলোকে চিহ্নিত করেছে এই তালিকা।
এমিরেটস সামগ্রিক তালিকার পাশাপাশি ব্যবসায়িক ভ্রমণের জন্য সেরা এয়ারলাইনসের তালিকাতেও প্রথম হয়েছে। অন্যদিকে সবচেয়ে নির্ভরযোগ্য এয়ারলাইনসের তালিকায় শীর্ষে রয়েছে আয়ারল্যান্ডের রায়ানএয়ার।
২০২৭ সালের বিশ্বের সেরা এয়ারলাইন এবং পৃথক বিভাগগুলোর পূর্ণাঙ্গ তালিকা দেখতে নিচে ক্লিক করুন:
২০২৭ সালে বিশ্বের সেরা ২৫ এয়ারলাইন
৯৪ দশমিক ২৯ স্কোর নিয়ে বিশ্বের ২৫টি সেরা এয়ারলাইনের তালিকায় প্রথম হয়েছে এমিরেটস। ৯৪ দশমিক ১৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার এয়ারওয়েজ। ৯৩ দশমিক ৪৭ স্কোর পেয়ে তৃতীয় হয়েছে এয়ার নিউজিল্যান্ড। সিঙ্গাপুর এয়ারলাইনস ৯৩ দশমিক ৩২ স্কোর নিয়ে চতুর্থ এবং ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ ৯২ দশমিক ৬৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ার লাইনস ৯২ দশমিক ১৭ স্কোর নিয়ে ষষ্ঠ হয়েছে। দক্ষিণ আফ্রিকান এয়ারওয়েজ ৯২ দশমিক ১৬ স্কোর নিয়ে সপ্তম, চায়না সাউদার্ন এয়ারলাইনস ৯২ দশমিক ০৩ স্কোর নিয়ে অষ্টম, এয়ার চায়না ৯১ দশমিক ৯৯ স্কোর নিয়ে নবম এবং আমেরিকান এয়ারলাইনস ৯১ দশমিক ৮৯ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে।
আলাস্কা এয়ারলাইনস ৯১ দশমিক ৮৬ স্কোর নিয়ে ১১তম স্থানে রয়েছে। এরপর ১২তম স্থানে ফ্লাইসাফেয়ার (৯১.৭৫), ১৩তম স্থানে সাউথওয়েস্ট এয়ারলাইনস (৯১.৬৮), ১৪তম স্থানে টার্কিশ এয়ারলাইনস (৯১.৬০) এবং ১৫তম স্থানে ফিনএয়ার (৯১.৫০) রয়েছে।
লট পোলিশ এয়ারলাইনস ৯১ দশমিক ৪১ স্কোর নিয়ে ১৬তম স্থানে রয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ ১৭তম, শানডং এয়ারলাইনস ১৮তম এবং জেটব্লু ১৯তম স্থানে রয়েছে। তিনটি এয়ারলাইনেরই স্কোর ৯১ দশমিক ৩৬। ইতিহাদ এয়ারওয়েজ ৯১ দশমিক ২৩ স্কোর নিয়ে ২০তম স্থানে রয়েছে।
তালিকার বাকি পাঁচটি স্থানে রয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস (২১তম, ৯১.২২), ইউনাইটেড এয়ারলাইনস (২২তম, ৯১.০৮), ফিলিপাইন এয়ারলাইনস (২৩তম, ৯১.০৫), আইবেরিয়া (২৪তম, ৯০.৯৪) এবং শেনজেন এয়ারলাইনস (২৫তম, ৯০.৮৯)।
পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র: টাইম ম্যাগাজিন।