বাংলাদেশ-জর্ডান যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনে সম্মত
ছবি- সংগৃহীত
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও জর্ডান। একই সঙ্গে অনিবন্ধিত কর্মীদের বৈধকরণসহ শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে দেশ দু’টি।
বুধবার জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত দুই দেশের দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ সভায় এসব বিষয়ে ঐকমত্য হয়।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত যৌথ ব্যবসায়িক ফোরামের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে।
এছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) পুনরায় কার্যকর করার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে।
এর মাধ্যমে ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক সরবরাহে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা হবে। বৈঠকে তৈরি পোশাক ও ওষুধশিল্প খাতেও সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম। জর্ডানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
জর্ডান দেশটির অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের স্বীকৃতি দেয়। বিশেষ করে তৈরি পোশাক খাতে তাদের অবদানের কথা স্বীকার করে দেশটি। শ্রমিকদের বিভিন্ন সমস্যা যৌথ শ্রমবিষয়ক কমিটির মাধ্যমে সমাধানের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ঢাকায় জর্ডানের আবাসিক দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছে। জর্ডানের পক্ষ থেকে জানানো হয়, এ প্রস্তাব সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
এছাড়া প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে সংসদীয় মৈত্রী কমিটি গঠনের সম্ভাবনার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ঝুলে থাকা দ্বিপক্ষীয় চুক্তিগুলোর চূড়ান্তকরণ দ্রুত করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।
বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার এবং ন্যায়সংগত ও স্থায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে জেরুজালেমের মুসলিম ও খ্রিষ্টানদের পবিত্র ধর্মীয় স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি দেয় বাংলাদেশ।
অন্যদিকে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে জর্ডান।
বৈঠকের ফাঁকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠায় রাজনৈতিক পরামর্শবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর আগে, দিনের শুরুতে আম্মানে বাংলাদেশ চ্যান্সারিতে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ড. নজরুল ইসলাম। এসময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।