প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন প্রকল্প আসছে— প্রবাসী কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
| Published: Sunday, May 17, 2026
ছবি: মন্ত্রণালয়
প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার শিগগিরই অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন প্রকল্প চালু করতে যাচ্ছে এবং এই প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার সিলেটের 'গ্র্যান্ড সিলেট' হোটেলে "গ্লোবালাইজিং সিলেট" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
মন্ত্রী বলেন, দেশে জমির পরিমাণ ক্রমশ কমে আসছে। তাই ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত আধুনিক অ্যাপার্টমেন্ট প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও হয়েছে উল্লেখ করে তিনি জানান, এই প্রকল্পে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন।
প্রবাসীদের পরবর্তী প্রজন্মকে মাতৃভূমির সঙ্গে সম্পৃক্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম দেশে এলে যেন বিনিয়োগ করে এবং পারিবারিক বন্ধন যেন আরও মজবুত হয়, সেই পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড
আগামী দুই মাসের মধ্যে বিশেষ সুযোগ-সুবিধা সম্বলিত 'প্রবাসী কার্ড' প্রদান করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
বিমানবন্দরের সেবা উন্নয়ন ও ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সেবা উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল ইউনিট স্থাপন এবং গুরুতর অসুস্থ প্রবাসীদের জন্য স্থায়ী অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়া বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকার ইতোমধ্যে চালু করেছে বলেও তিনি জানান।
সেমিনারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।