রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, দাম্মামেও আঘাত
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, October 12, 2026
ছবি : সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। একই দিন সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি জেনারেল অথোরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, রিয়াদে নিহত ব্যক্তি পাকিস্তানি বাসিন্দা। দাম্মামের ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তারা তাৎক্ষণিক কিছু জানায়নি। সেখানে ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও নিরাপত্তা পরিদর্শন চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি আরামকোর দুটি তেল ও গ্যাস স্থাপনায় হামলার কথাও বলেছেন। তাঁর দাবি, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। হুথিরা সৌদি আরবে আরও হামলার হুমকি দিয়েছে।
এর আগে শনিবার রিয়াদ বিমানবন্দরে হওয়া হামলায় বাংলাদেশি দুজনসহ ১২ জন নিহত হন বলে গাকা জানিয়েছিল। ওই হামলায় আহত হয়েছেন ৩০৯ জন।
রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, গ্রিনিচ মান সময় সোমবার রাত ৯টা (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টা) পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা পূর্বাঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া দক্ষিণের খামিস মুশাইতের দিকে ছুটে আসা একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথাও জানিয়েছে তারা।
উভয় পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সূত্র: এএফপি, এসপিএ, এএ