রিয়াদের ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল: ইউএস-বাংলা
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, October 12, 2026
রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, এয়ারলাইন্সের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএস৩৮১ ও বিএস৩৮২ নম্বর ফ্লাইট এই সময় চলবে না।
ফ্লাইটের নতুন সময়সূচি ঠিক হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ছাড়া যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যেতে অনুরোধ করেছে এয়ারলাইন্সটি। ফ্লাইটের অবস্থা, নতুন করে টিকিট বুকিং ও সর্বশেষ তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সেলস কাউন্টার বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ভ্রমণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে ইউএস-বাংলা।
যেকোনো সহায়তার জন্য ০৯৬১৩৭১৩৬০৫, ১৩৬০৫ অথবা +৮৮ ০১ ৭৭৭ ৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তিতে বিমানবন্দর বন্ধ থাকার কারণ উল্লেখ করা হয়নি। গণমাধ্যমের খবর অনুযায়ী, ইয়েমেন থেকে হুথিদের হামলার পর গত কয়েক দিনে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম কয়েক দফা বন্ধ ও চালু করতে হয়েছে।
লুফথানসা গ্রুপ ও এয়ার ইন্ডিয়াসহ বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্সও রিয়াদে ফ্লাইট স্থগিত করেছে।