Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

রমজানে উমরাহ পালনে সৌদির নির্দেশনা

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, February 22, 2026
রমজানে উমরাহ পালনে সৌদির নির্দেশনা

ফাইল ছবি

রমজান মাসে উমরাহ পালনকারীদের নিরাপত্তা, সুশৃঙ্খল চলাচল ও নিরবচ্ছিন্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব।


পবিত্র মসজিদগুলোতে ভিড় সামলানো, জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়া এবং নামাজের সময় যেন সবাই সহজে চলাচল করতে পারেন এই লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে। রমজানের শেষ দশকে লাখো মুসল্লি মসজিদুল হারামে সমবেত হওয়ায় এই নির্দেশনা মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


মসজিদের ভিতরে কতজন মুসল্লি রয়েছে তা প্রবেশপথে থাকা ডিজিটাল স্ক্রিনে দেখা যাবে। সবুজ সংকেত দেখলে বুঝতে হবে যে নামাজের জন্য জায়গা রয়েছে। তবে লাল সংকেত দেখলে বুঝতে হবে যে কোনো জায়গা অবশিষ্ট নেই। মুসল্লিদের নিরাপত্তাকর্মীদের নির্দেশনা, দিকনির্দেশক সাইনবোর্ড এবং নির্ধারিত পথ অনুসরণ করতে বলা হয়েছে।


ব্যস্ত সময়ে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় ব্যক্তিগত গাড়ির চলাচলে সীমাবদ্ধতা থাকবে এবং শহরের প্রান্তে নির্ধারিত পার্কিং ও শাটল সার্ভিস চালু থাকবে।


পদচারী এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অননুমোদিত যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। প্রবেশপথ, করিডর ও জরুরি বহির্গমনে ভিড় এড়িয়ে নামাজ শেষে দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান, অগ্রাধিকারভিত্তিক চলাচল পথ এবং বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শেষ দশ দিনে ভিড় বেশি হবে এমন জায়গায় শিশুদের সঙ্গে না নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


পর্যাপ্ত পানি পান, বিশ্রাম নেওয়া এবং অতিরিক্ত তাপ এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা সহায়তা নেওয়া এবং আবাসস্থলের জরুরি বহির্গমন পথ সম্পর্কে সচেতন থাকার নির্দেশও দেওয়া হয়েছে।


উমরাহ পালনকারীদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি অনুমতি গ্রহণ করতে হবে। মেনে চলতে হবে নির্ধারিত সময়সূচি। অস্ত্র বহন, ধূমপান, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত পণ্য বিক্রি, চলাচলে বাধা সৃষ্টি বা রক্ষণাবেক্ষণ এলাকায় প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।


সন্দেহজনক কার্যক্রম দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। নির্দেশনায় জনসমাগমের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এবং চলাচলের সময় ধৈর্য ধারণ করতেও বলা হয়েছে।


অগ্নি দুর্ঘটনার ঝুঁকি কমাতে বিদ্যুতের লোড বেশি না দিতে এবং অগ্নিনির্বাপক যন্ত্র সহজে পাওয়া যায় এমন জায়গায় রাখতে বলা হয়েছে। ব্যক্তিগত জিনিসপত্র নিরাপদে রাখার পাশাপাশি অবস্থানকালীন সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News