শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ৮২ জন গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, July 05, 2026
- ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তসহ ৮২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবাসীসহ যাত্রীদের হয়রানি বন্ধে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার এক বিবৃতিতে জানায়, বিমানবন্দর থানা পুলিশ ভোররাতে এই অভিযান চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করে।
বিবৃতিতে বলা হয়, ভোর ৫টা থেকে বিমানবন্দর গোল চত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়ক এবং আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত ভবঘুরে শিশু-কিশোর এবং বাকি ২৪ জন অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ডিএমপি জানায়, যেকোনো মূল্যে বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না এবং এ লক্ষ্যে নিয়মিত টহলসহ নজরদারি জোরদার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শিশুদের বিষয়ে শিশু আইন, ২০১৩ অনুযায়ী 'চাইল্ড অ্যাফেয়ার্স পুলিশ অফিসার'-এর মাধ্যমে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
সূত্র: বাসস