হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, July 05, 2026
গত বছরের অতিথিদের ইতিবাচক সাড়া পাওয়ার পর আবারও বাংলা খাবার ও গ্রামীণ সংস্কৃতিকে কেন্দ্র করে ‘বাংলার রসনা বিলাস ২.০’ আয়োজন করছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। আগামী ৮ থেকে ১২ জুলাই পর্যন্ত প্রতিদিন হোটেলটির অ্যাটিটিউড রেস্টুরেন্টে এই বিশেষ বুফে ডিনারের আয়োজন করা হবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানায়, রাজধানীর ব্যস্ত জীবনের মধ্যে গ্রামবাংলার ঐতিহ্য, স্বাদ ও আবহ ফিরিয়ে আনতেই এই আয়োজন। পুরো হোটেলজুড়ে থাকবে গ্রামবাংলা-অনুপ্রাণিত সাজসজ্জা, যেখানে অতিথিরা ঐতিহ্যবাহী বাংলা খাবারের পাশাপাশি লোকসংস্কৃতি, সংগীত ও বিনোদনের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
অতিথিদের স্বাগত জানানো হবে কাঁচা আমের শরবত (আম পান্না) দিয়ে। এছাড়া লাচ্ছি, ঘোল, বেলের শরবত, লেবু-মিন্ট ও তেঁতুলের শরবতসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পানীয় পরিবেশন করা হবে। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ থাকবে পদ্মার তাজা ইলিশ। পাশাপাশি পরিবেশন করা হবে নানা ধরনের ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যা ঘরোয়া স্বাদ ও প্রচলিত রেসিপিতে প্রস্তুত করা হবে।
বুফেতে থাকবে ভর্তা ও আচার স্টেশন, ফুচকা, চটপটি, ঝালমুড়ির মতো জনপ্রিয় স্ট্রিট ফুড, পান্তা ভাত, ভুনা খিচুড়ি, মাটন কাচ্চি, সোনালি মুরগির পোলাও, সর্ষে ইলিশ, নারকেল চিংড়ি, হাঁস ভুনা, গরুর কালাভুনা, দেশীয় মাছের বিভিন্ন পদ, শুঁটকির আইটেম, মৌসুমি সবজি ও ডালের আয়োজন। মিষ্টান্নে থাকবে মিষ্টি দই, গুড়ের দই, শাহী টুকরা, নবাবি সেমাই, পাটিসাপটা, বিভিন্ন ধরনের পিঠা, নারকেলের নাড়ু, জিলাপি, ক্ষীর, দেশীয় মিষ্টি ও মালাই চা।
খাবারের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে ঐতিহ্যবাহী বায়োস্কোপ, গ্রামবাংলা-থিমের ফটো বুথ, ভাগ্য গণনার কর্নার, ফেস পেইন্টিং এবং একতারার সুরে বাউল সংগীতের আয়োজন। আয়োজকদের মতে, এসব আয়োজনের মাধ্যমে শহরের মধ্যেই গ্রামীণ বাংলার পরিবেশ ও সংস্কৃতির স্বাদ তুলে ধরা হবে।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার দীপঙ্কর দে বলেন, গত বছর ‘বাংলার রসনা বিলাস’ আয়োজন অতিথিদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল এবং অনেকেই এটি আবার আয়োজনের অনুরোধ করেছিলেন। তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে পরিবার ও বন্ধুদের সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও আন্তরিকতার আবহ উপভোগের সুযোগ তৈরি করা হয়েছে।
‘বাংলার রসনা বিলাস ২.০’ প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৭৭ টাকা (নেট)। নির্বাচিত ব্যাংকের কার্ডে ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফারও থাকছে, যা নির্ধারিত শর্তসাপেক্ষে প্রযোজ্য হবে।