যুক্তরাজ্যগামী রুটে বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার: আফরোজা
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Sunday, July 05, 2026
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য, বিশেষ করে যুক্তরাজ্যগামী রুটে বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার। একই সঙ্গে পুনরায় চালু হওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইটের নিরবচ্ছিন্ন পরিচালনাও নিশ্চিত করা হবে।
রোববার পুনরায় চালু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইটের যাত্রীদের সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০৮ ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ২২৭ জন যাত্রী সিলেটে নামেন এবং বাকি ৪১ জন ঢাকার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন।
যাত্রীদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে আফরোজা খানম বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, বিশেষ করে সিলেটি কমিউনিটির দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ম্যানচেস্টারগামী সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।
তিনি বলেন, "সিলেটবাসীর প্রতি তাঁর বিশেষ আন্তরিকতা রয়েছে, আর আমরাও সেই অঙ্গীকার নিয়েই কাজ করছি।"
আফরোজা বলেন, এই রুটে ফ্লাইট চলাচল নিরবচ্ছিন্ন থাকবে এবং সরকার আরও নির্ভরযোগ্য ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করবে।
মন্ত্রী বলেন, "প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং তাদের স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী খরচে ভ্রমণের সুযোগ নিশ্চিত করতে এই রুট পুনরায় চালুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমান সরকার প্রবাসীদের জন্য সেবার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।"
লন্ডনের হিথ্রো-সিলেট এবং হিথ্রো-ঢাকা রুটের বিমানভাড়ার বড় ব্যবধান নিয়ে এক প্রশ্নের জবাবে আফরোজা বলেন, সরকার ইতোমধ্যে ভাড়া আরও সহনীয় করার উদ্যোগ নিয়েছে।
"লন্ডন সফরেও আমি এ বিষয়টি শুনেছি। আমরা এ নিয়ে কাজ করছি। বিশেষ করে আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে কীভাবে ভাড়া আরও কমানো যায়, সেটি আমরা বিবেচনা করছি।"
আফরোজা আরও জানান, ম্যানচেস্টার রুটে নিরবচ্ছিন্ন ফ্লাইট পরিচালনা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে যেন আর সেবা বন্ধ না হয়, সে লক্ষ্যে অতিরিক্ত উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্থগিত থাকা সিলেট-কক্সবাজার রুটও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিমান মন্ত্রী আরো বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। "উন্নয়নকাজ শেষ হলে অনেক বিদেশি এয়ারলাইন্স সিলেটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে। পাশাপাশি আমরা সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।"
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা ও পর্যটন অবকাঠামো গড়ে তুলে সিলেটকে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির আশা প্রকাশ করে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণকাজ দ্রুত শেষ হবে এবং এর মাধ্যমে বিমানবন্দরটি আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি গুরুত্ব পাবে।
হজ মৌসুমে উড়োজাহাজ সংকটের কারণে প্রায় চার মাস ধরে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এতে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটি কমিউনিটির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর জোর দাবি ওঠে।
এর আগে সরকার হজ মৌসুম শেষ হওয়ার পর লাভজনক এই রুটে ফ্লাইট পুনরায় চালুর আশ্বাস দিয়েছিল। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। ফলে বিশেষ করে বয়স্ক প্রবাসীদের আর ঢাকা হয়ে সিলেটে যেতে হচ্ছে না, যা হাজারো যাত্রীর জন্য স্বস্তি নিয়ে এসেছে।
প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে প্রতি মঙ্গলবার ও শনিবার সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে।