শাহ আমানত বিমানবন্দর হবে বড় কার্গো ও যাত্রী হাব: অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, July 05, 2026
ছবি: সংগৃহীত
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার বলেছেন, চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিক ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে বড় কার্গো ও যাত্রী হাবে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
চট্টগ্রাম সফরকালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের কৌশলগত ও ভৌগোলিক সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগানোর লক্ষ্য নিয়েই জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশ উন্নয়নের মাধ্যমে দুই শহরের মধ্যে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের, যা ব্যবসায়িক ও ভ্রমণ—উভয় ধরনের যাত্রীদের জন্যই সুবিধাজনক হবে বলে তিনি উল্লেখ করেন।
কর্ণফুলী নদীর ওপারে আনোয়ারায় ৬০০ একরের একটি মুক্ত অঞ্চল স্থাপনের পাশাপাশি চট্টগ্রামে একটি চীনা অর্থনৈতিক অঞ্চল এবং একাধিক বন্দর উন্নয়ন প্রকল্পের কথাও উল্লেখ করেন মন্ত্রী, যেগুলো নগরীকে বাণিজ্য ও লজিস্টিকের প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলবে বলে তিনি জানান।
মাতারবাড়ি এলাকায়ও বড় ধরনের উন্নয়নকাজ চলছে বলে জানান তিনি, এবং চট্টগ্রামের লজিস্টিক ও পরিবহন সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন।
আমীর খসরু বলেন, "এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রামকেন্দ্রিক অর্থনৈতিক করিডোর একটি লজিস্টিক হাবে পরিণত হবে, যার ফলে বন্দরগুলো আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে।" তবে এসব প্রকল্প দীর্ঘমেয়াদি হওয়ায় বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে বলেও তিনি জানান।
দেশে দেশি-বিদেশি বিনিয়োগ ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্য দিয়েই বাংলাদেশ আগামী দিনে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস