সাজেকে রঙিন আয়োজনে প্রথমবার বিশ্ব পর্যটন দিবস পালিত
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Monday, September 28, 2026
-কোলাজ ছবি
প্রথমবারের মতো রাঙামাটির সাজেক ভ্যালিতে জমকালো আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানটি হয়। আয়োজনের তত্ত্বাবধানে ছিল কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক।
সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। স্থানীয় জনগোষ্ঠী, পর্যটন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা এতে অংশ নেন।
দিনের শুরুতে রাঙামাটি থেকে সাজেক পর্যন্ত রোড শো হয়। এতে জেলা পরিষদের চেয়ারম্যানসহ কর্মকর্তা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর সাজেক এন্ট্রি পয়েন্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যেখানে স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতি তুলে ধরা হয়।
দিবসটি উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, ঐতিহ্যবাহী খাবারের ফুড কোর্ট উদ্বোধন ও ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সঙ্গে কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের তথ্য বাতায়ন ওয়েবসাইটও উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাঘাইহাট জোন কমান্ডার ও কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের প্রধান পৃষ্ঠপোষক লে. কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি এবং রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের পর্যটন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য শাশ্বত চাকমাসহ অন্য অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ণ দেব বর্মন।
বিকেলে সাজেক হেলিপ্যাড প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে লুসাই, ত্রিপুরা, চাকমা ও মারমা শিল্পীরা পরিবেশনা তুলে ধরেন। কালচারাল এক্সচেঞ্জ ট্যুরিজমের অংশ হিসেবে আমন্ত্রিত মণিপুরী শিল্পীদের বিশেষ নৃত্য ও মৃদঙ্গ পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রতিনিধি, পর্যটন ভ্লগার, ইনফ্লুয়েন্সার ও পর্যটকেরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, সাজেকের প্রকৃতি, সংস্কৃতি ও স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা আরও ব্যাপকভাবে তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য।
প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সরাসরি তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকে সদস্য দেশগুলোতে দিবসটি পালন করা হচ্ছে।