Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নেপালে বন্যা-ভূমিধস: বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

ডেস্ক রিপোর্ট | Published: Monday, September 28, 2026
নেপালে বন্যা-ভূমিধস: বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

ছবি: সংগৃহীত


নেপালে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে সতর্ক থাকতে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের আহ্বান জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতেও বলা হয়েছে।


রোববার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ করে অন্নপূর্ণা অঞ্চলের মানাং জেলার পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় বাড়তি সতর্কতা দরকার। টানা বৃষ্টিতে ভূমিধস ও তুষারপাতের কারণে অনেক জায়গায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগ বিঘ্নের কারণে উদ্ধার কাজও কঠিন হয়ে পড়েছে।


দূতাবাস জানায়, কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে রয়েছে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাংলা ও ভীমথাং।


ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং কাছের ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকায় ভ্রমণেও সতর্ক থাকতে বলা হয়েছে। মুস্তাং, জমসমসহ অন্যান্য পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়কের অবস্থা ভালোভাবে জেনে নিতে হবে। কারণ, এসব সড়কে যেকোনো সময় যোগাযোগ বিঘ্নিত হতে পারে।


এ কারণে অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ পাহাড়ি ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা করার আগে সব তথ্য যাচাই করতে বলেছে দূতাবাস। পাশাপাশি নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতেও পরামর্শ দেওয়া হয়েছে।


যেসব বাংলাদেশি ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন, তাঁদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। এ ছাড়া নদীর তীর ও ভূমিধসের আশঙ্কাযুক্ত এলাকা এড়িয়ে চলা, ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়ার অবস্থা যাচাই করা এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।


দূতাবাস নেপালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে হালনাগাদ তথ্য জানানো হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News