সিলেট থেকে মদিনায় সরাসরি হজ ফ্লাইট উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
| Published: Monday, May 04, 2026
ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে সরাসরি হজ ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৩৭ ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা করে।
এর আগে রোববার রাত সাড়ে দশটায় বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে এক আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শরীফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণের সেবা নিশ্চিত করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব। বিমানের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, বোয়িং থেকে ১৪টি নতুন এয়ারক্রাফট ক্রয়ের প্রক্রিয়া চলছে, যা জাতীয় পতাকাবাহী সংস্থার নেটওয়ার্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করবে।
তিনি বলেন, "আমাদের লক্ষ্য শুধু বিমানকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা নয়, বরং বিশ্বের বুকে জাতীয় পতাকাবাহী হিসেবে বিমান যেন পরিচিতি লাভ করে — সেটাই আমাদের আগামীর স্বপ্ন।"
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী হজযাত্রীদের বিদায় দেওয়ার মুহূর্তকে এক অসাধারণ সৌভাগ্যের অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। সরকার হজযাত্রীদের কল্যাণে আন্তরিক বলে তিনি উল্লেখ করেন।
এবারের হজ মৌসুমে সিলেট থেকে মোট সাতটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে বলে জানা গেছে। এই উদ্যোগটি সিলেট বিভাগের হজযাত্রীদের জন্য দীর্ঘ যাত্রা এবং ঢাকাগামী সংযোগ ফ্লাইটের ঝামেলা থেকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে।