Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সুইডেনে পড়তে আগ্রহীদের সতর্ক করল দূতাবাস

২০২৭ সালের শরৎকালীন সেশনে ভর্তির প্রস্তুতি নিতে বলেছে সুইডেন দূতাবাস; এজেন্টকে অর্থ না দেওয়ার পরামর্শ

সুইডেনে পড়তে আগ্রহীদের সতর্ক করল দূতাবাস

-সুইডেন দূতাবাস


২০২৭ সালের শরৎকালীন সেশনে সুইডেনে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের আগেভাগে প্রস্তুতি শুরু করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ সুইডেন দূতাবাস। একই সঙ্গে শিক্ষার্থীদের ভর্তির শর্ত ও রেসিডেন্স পারমিটের নিয়ম ভালোভাবে যাচাই এবং আবেদন প্রক্রিয়ায় অননুমোদিত এজেন্ট বা মধ্যস্থতাকারীর সহায়তা না নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।


সোমবার (১৬ নভেম্বর) অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, সুইডেনে পড়াশোনার জন্য আবেদন করার আগে পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রোগ্রামের শর্তাবলি এবং রেসিডেন্স পারমিটের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা জরুরি।


আবেদনকারীদের সম্পূর্ণ ও সঠিক নথিপত্র জমা দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে দূতাবাস বলেছে, সব আবেদন সুইডিশ আইন অনুযায়ী মূল্যায়ন করা হয়। মিথ্যা, পরিবর্তিত বা বিভ্রান্তিকর নথি গ্রহণযোগ্য নয়। এ ধরনের নথি বা ভুল তথ্যের কারণে আবেদন প্রত্যাখ্যাত হতে পারে এবং ভবিষ্যতের আবেদনেও এর প্রভাব পড়তে পারে।


দূতাবাস শিক্ষার্থীদের নিজেদের আবেদন নিজেরাই প্রস্তুত ও জমা দেওয়ার পরামর্শ দিয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কোনো অননুমোদিত ব্যক্তি, এজেন্ট বা মধ্যস্থতাকারীকে অর্থ না দিতেও সতর্ক করেছে।


বার্তায় আরও বলা হয়, সুইডেনে পড়াশোনার রেসিডেন্স পারমিটের সিদ্ধান্ত দেয় দেশটির মাইগ্রেশন এজেন্সি—মাইগ্রেশনসভেরকেট (Migrationsverket)। সংস্থাটি বাংলাদেশের কোনো এজেন্টের সঙ্গে কাজ করে না। কোনো এজেন্ট আবেদনকারীর সিদ্ধান্ত প্রভাবিত করতে বা ইতিবাচক ফলের নিশ্চয়তা দিতে পারে না।


সুইডেনে উচ্চশিক্ষা, ভর্তির শর্ত, বৃত্তি এবং রেসিডেন্স পারমিট সম্পর্কে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক সূত্র ব্যবহারের পরামর্শ দিয়েছে দূতাবাস।


দূতাবাসের বার্তায় সুইডেনের উচ্চমানের শিক্ষা, উদ্ভাবনী শিক্ষার পরিবেশ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত সমাজের সুযোগের কথাও তুলে ধরা হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News