সিস্টেম বিভ্রাটে ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট ছাড়তে বিলম্ব
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, November 17, 2026
ফাইল ছবি, সংগৃহীত
সিস্টেমে বিভ্রাটের কারণে সোমবার ফ্লাইট ছাড়তে বিলম্বের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস। এ সমস্যা স্থায়ী হয় দেড় ঘণ্টার বেশি সময়।
শিকাগোভিত্তিক এয়ারলাইনসটি জানিয়েছে, আকাশে থাকা ফ্লাইট এবং ইউনাইটেড এক্সপ্রেসের আঞ্চলিক ফ্লাইটে এর প্রভাব পড়েনি। এটি সাইবার নিরাপত্তাসংক্রান্ত কোনো সমস্যা বলেও প্রাথমিকভাবে মনে হচ্ছে না।
পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাছে সমস্যার কথা জানান। এরপর প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে সমস্যার সমাধান হয়। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ারলাইনসটি।
পাইলটদের তথ্য অনুযায়ী, উড়োজাহাজের চূড়ান্ত ওজন নির্ধারণে সহায়তাকারী একটি সিস্টেমে সমস্যা হয়েছিল। প্রতিটি ফ্লাইটের আগে পাইলটরা উড়োজাহাজের ওজন, জ্বালানি, লাগেজ, কার্গো ও যাত্রীর তথ্য হিসাব করেন। নিরাপদে উড্ডয়ন নিশ্চিত করতে এসব তথ্য ব্যবহার করা হয়।
বিমান চলাচল নিরাপত্তা বিশেষজ্ঞ ও ইউনাইটেড এয়ারলাইনসের সাবেক পাইলট স্টিভ অ্যারোইয়ো বলেন, উড্ডয়ন থেকে অবতরণ পর্যন্ত পাইলটদের বিভিন্ন সিদ্ধান্ত নিতে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর মতে, নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইট বিলম্বিত করে এয়ারলাইনসটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।